ত্রয়োদশ জাতীয় সংসদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংসদ ভবনে আয়োজিত এই বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি রফিকুল ইসলাম জামাল এমপি। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয় এবং পরবর্তীতে কমিটির সদস্যদের সঙ্গে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের পরিচয়পর্ব সম্পন্ন হয়।
বৈঠকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে থাকা বিভিন্ন দপ্তর, অধিদপ্তর, সংস্থা, ট্রাস্ট ও ফাউন্ডেশনের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এর মধ্যে হজ ব্যবস্থাপনা, ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ ওয়াক্ফ প্রশাসন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের কার্যক্রমগুলো তুলে ধরা হয়। মন্ত্রণালয়ের ১৮০ দিনের কর্মপরিকল্পনা, জনবল, বাজেট, ভিশন-মিশন, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে কমিটিকে অবহিত করা হয়।
কমিটির সদস্যরা উপস্থাপিত বিভিন্ন বিষয়ের ওপর আলোচনায় অংশ নিয়ে গুরুত্বপূর্ণ সুপারিশ প্রদান করেন। এর মধ্যে দেশের মসজিদগুলোতে বিদ্যুৎ ব্যবহারের জন্য একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন এবং প্রতিটি মসজিদে রুফটপ সৌরবিদ্যুৎ প্রকল্প গ্রহণের বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পায়।
এছাড়া সরকারি খরচে হজে যাওয়া ব্যক্তিদের জন্য সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নেরও সুপারিশ করা হয়েছে। পাশাপাশি, ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত হাসপাতাল ও মিশনে দীর্ঘ সময় ধরে কর্মরত চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের দ্রুত বদলির ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়, যাতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সেবার মান ও কার্যক্রমে গতিশীলতা নিশ্চিত করা সম্ভব হয়।
বৈঠকে কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান এমপি, মো. জাহিদুর রহমান এমপি, নুরুল আমিন এমপি, সুবর্ণা সিকদার এমপি, মো. নুরুল আমীন এমপি, মোহাম্মদ আবুল হাসান এমপি এবং মুহাম্মাদ আব্দুল খালেক এমপি অংশগ্রহণ করেন। সভায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।