আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়াতে ব্যবসায়ীদের কোনো ধরনের সিন্ডিকেট বা কারসাজির চেষ্টা সরকার মেনে নেবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বৃহস্পতিবার (৮ অক্টোবর) চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে আয়োজিত ব্যবসায়ী ও আমদানিকারকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।
মন্ত্রী জানান, রমজানকে সামনে রেখে বর্তমানে আমদানির পাইপলাইনে নিত্যপ্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত মজুত রয়েছে। ফলে বাজারে কোনো ধরনের ঘাটতি দেখা দেওয়ার আশঙ্কা নেই এবং সরবরাহ পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক থাকবে। এছাড়া আমদানি পর্যায়ে শুল্ক ও করের সমন্বয় এবং সামগ্রিক সরবরাহ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের সহনীয় পর্যায়ে রাখতে সরকার নিরলসভাবে কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।
সারা বছর সবজিসহ অন্যান্য নিত্যপণ্যের দাম তুলনামূলক স্থিতিশীল রাখতে একটি সুপরিকল্পিত সরবরাহ ব্যবস্থা গড়ে তোলার তাগিদ দেন খন্দকার আব্দুল মুক্তাদির। এ লক্ষ্যে দেশের বিভিন্ন অঞ্চলে পরিকল্পিত উপায়ে কৃষিপণ্য উৎপাদনের আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো সবজি জুলাইয়ে, কোনোটি নভেম্বরে এবং অন্য কোনোটি যদি ফেব্রুয়ারিতে উৎপাদিত হয়, তবে সারা বছরই বাজারে স্থিতিশীল সরবরাহ বজায় রাখা সম্ভব হবে।