অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে প্রথমবারের মতো তাদের মাটিতে ওয়ানডে সিরিজ খেলতে নামছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দল তাসমান পাড়ে নিজেদের প্রস্তুতি সম্পন্ন করেছে। আগামীকাল শুক্রবার সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি মাঠে গড়াবে।
ম্যাচটির আগে আজ বৃহস্পতিবার বাংলাদেশ নারী ক্রিকেট দলের প্রধান কোচ ডেভিড হেম্প নিজেদের প্রস্তুতির বিষয়ে কথা বলেন। বিসিবির প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি জানান, দ্বিপাক্ষিক সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় এটিই প্রথম সফর, তাই প্রস্তুতির বিষয়টি বেশ গুরুত্ব পেয়েছে। তিনি বলেন, আমরা ভাগ্যবান যে একটি অনুশীলন ম্যাচ খেলার সুযোগ পেয়েছি। এছাড়া অনুশীলনের জন্য যে উইকেটগুলো ব্যবহার করা হয়েছে, সেগুলোও ছিল চমৎকার।
তবে বিশ্বের সেরা দলের বিপক্ষে খেলাটা যে সহজ নয়, তা অকপটে স্বীকার করেছেন হেম্প। তিনি বলেন, আমরা এই সত্যটি অস্বীকার করতে পারি না যে আমরা বর্তমানে ওয়ানডে ও টি-টোয়েন্টি উভয় ফরম্যাটে বিশ্বের এক নম্বর দলের বিপক্ষে খেলছি। তাই আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে মানসিকভাবে এই পরিস্থিতি জয় করা।
কোচ ডেভিড হেম্পের মূল লক্ষ্য হলো, সিরিজ শেষে যেন দলের খেলোয়াড়দের মনে কোনো আক্ষেপ না থাকে। তিনি বলেন, আমরা চাই না যে এক সপ্তাহ পর বাংলাদেশে ফিরে গিয়ে আমাদের আফসোস করতে হয় যে, ইস! যদি আমরা আরেকটু ভালো খেলতে পারতাম বা অন্যভাবে চেষ্টা করতাম।