বাংলাদেশ ও নেদারল্যান্ডসের যৌথ উদ্যোগে তিস্তা প্রকল্পের সম্ভাব্য কারিগরি সহায়তা এবং সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনায় নেদারল্যান্ডস সরকার আগ্রহ প্রকাশ করেছে। মঙ্গলবার বিকেলে সচিবালয়ে নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী শুর্দ শুর্দসমারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই আগ্রহের কথা জানায়। বাংলাদেশ সরকার নেদারল্যান্ডসের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন জানান, বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, পানিসম্পদ ব্যবস্থাপনা, তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা, মুক্ত বাণিজ্য চুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, কৃষি এবং রোহিঙ্গা সংকটসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নেদারল্যান্ডসের মন্ত্রী জোর দিয়ে বলেন, বিনিয়োগ ও সহযোগিতার মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করার এটিই উপযুক্ত সময়। তিনি পানিসম্পদ ব্যবস্থাপনা, আন্তঃসীমান্ত নদী ব্যবস্থাপনা, গণতন্ত্র ও অর্থনৈতিক উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে যৌথভাবে কাজ করার প্রস্তাব দেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান উল্লেখ করেন যে, বাংলাদেশ ও নেদারল্যান্ডস উভয়ই বদ্বীপ রাষ্ট্র হওয়ায় অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় অভিজ্ঞতা বিনিময়ের ব্যাপক সুযোগ রয়েছে। বিশেষ করে ভূমি পুনরুদ্ধার, চর উন্নয়ন এবং অভিযোজনক্ষম নদীব্যবস্থাপনার ক্ষেত্রে নেদারল্যান্ডসের প্রযুক্তিগত দক্ষতা ও অভিজ্ঞতাকে কাজে লাগানোর ওপর প্রধানমন্ত্রী গুরুত্বারোপ করেন।
বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে বাংলাদেশের মুক্ত বাণিজ্য চুক্তি সম্পাদনের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। এ ক্ষেত্রে নেদারল্যান্ডসের সহযোগিতা কামনা করেছে বাংলাদেশ। পাশাপাশি বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের নেওয়া উদ্যোগের প্রশংসা করেন নেদারল্যান্ডসের মন্ত্রী। রোহিঙ্গা সংকটের বিষয়ে বাংলাদেশ পুনরায় জোর দিয়ে জানায় যে, মিয়ানমারই এই সংকটের মূল উৎস এবং এর টেকসই সমাধান সেখানেই সম্ভব। রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের বিষয়ে একমত পোষণ করেন উভয় পক্ষ।
মানবাধিকার ও গণতন্ত্রের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, অতীতে রাজনৈতিক দল হিসেবে বিএনপি মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছে, তাই তাঁর সরকার দেশে মানবাধিকার সুরক্ষা ও সুসংহত করতে প্রতিশ্রুতিবদ্ধ। বৈঠকের শেষ পর্যায়ে নেদারল্যান্ডসের মন্ত্রী শুর্দ শুর্দসমার প্রধানমন্ত্রী তারেক রহমানকে নেদারল্যান্ডস সফরের আমন্ত্রণ জানান। বৈঠকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমীন এবং বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইওরিস ভ্যান বোমেলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী শুর্দ শুর্দসমার নেতৃত্বে প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহ প্রকাশ করে দেশটি।