বিশ্ব ক্রিকেটের অবিসংবাদিত কিংবদন্তি এবং সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার স্যার গারফিল্ড গ্যারি সোবার্স আর নেই। ৮৯ বছর বয়সে ওয়েস্ট ইন্ডিজের এই মহাতারকা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার মৃত্যুতে ক্রিকেট ইতিহাসের একটি সোনালী অধ্যায়ের পরিসমাপ্তি ঘটলো। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ এক্সে এক বার্তায় জানিয়েছে, একটি মহাকাব্যিক ইনিংসের অবসান হলো এবং তিনি চিরকাল সবার হৃদয়ে থাকবেন।
১৯৫৪ সালে ওয়েস্ট ইন্ডিজের হয়ে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় সোবার্সের। ১৯৫৮ সালে পাকিস্তানের বিপক্ষে নিজের প্রথম টেস্ট সেঞ্চুরিকে তিনি অপরাজিত ৩৬৫ রানের এক মহাকাব্যে রূপ দিয়েছিলেন, যা দীর্ঘ ৩৬ বছর টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড হিসেবে টিকে ছিল। নিজের বর্ণাঢ্য ক্যারিয়ারে ৯৩টি টেস্ট খেলে ৫৭.৭৮ গড়ে ৮,০৩২ রান এবং ৩৪.০৩ গড়ে ২৩৫টি উইকেট শিকার করেছেন তিনি। এছাড়া প্রথম শ্রেণির ক্রিকেটে তার নামের পাশে রয়েছে ২৮ হাজার রান ও ১,০০০-এর বেশি উইকেট। টেস্টে ৫ হাজার বা তার বেশি রান করা ক্রিকেটারদের তালিকায় ব্যাটিং গড়ের দিক থেকে তিনি এখনো চতুর্থ স্থানে রয়েছেন।
অস্ট্রেলিয়ার কিংবদন্তি অধিনায়ক ও ধারাভাষ্যকার রিচি বেনো তার সম্পর্কে লিখেছিলেন, সোবার্স ছিলেন বিশ্বের দেখা সর্বকালের সেরা অলরাউন্ডার। তিনি ব্যাটিংয়ের পাশাপাশি দুর্দান্ত ফিল্ডিং এবং নতুন বলের পেস থেকে শুরু করে লেফট-আর্ম স্পিন পর্যন্ত সব ধরনের বোলিংয়ে সমান পারদর্শী ছিলেন। ১৯৬৮ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে এক ওভারে টানা ছয়টি ছক্কা হাঁকানোর বিরল রেকর্ডও গড়েছিলেন তিনি।
ক্রিকেটে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৭৫ সালে তাকে নাইটহুড উপাধিতে ভূষিত করা হয়। বর্তমানে আইসিসি তাদের বর্ষসেরা পুরুষ ক্রিকেটারকে এই মহানায়কের সম্মানে স্যার গারফিল্ড সোবার্স ট্রফি প্রদান করে থাকে।