ক্ষমতায় আসার পরপরই বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো পুনর্গঠনের প্রক্রিয়া শুরু করেছে দলটি। জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল এবং ছাত্রদলের নেতৃত্ব পরিবর্তনের আভাস পাওয়ার পর থেকেই এই সংগঠনগুলোতে এক ধরনের স্থবিরতা বিরাজ করছে। সাংগঠনিক অনেক সিদ্ধান্ত এখন নতুন কমিটির অপেক্ষায় আটকে আছে।
দলীয় হাইকমান্ডের এমন সিদ্ধান্তের পেছনে মূল কারণ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই চার সংগঠনের শীর্ষ নেতাদের অংশগ্রহণ। যুবদলের সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং কৃষক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচনে মনোনয়ন পেয়েছিলেন। তাদের মধ্যে একজন ব্যতীত বাকি সবাই সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। এ ছাড়াও ছাত্রদলের শীর্ষ নেতাদের ডেকে নিয়ে নতুন কমিটি দেওয়ার বার্তা দিয়েছিলেন বিএনপি প্রধান। সেই বার্তার পর ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির ফেসবুকে পোস্ট দিয়ে দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন। তবে তিন মাস অতিবাহিত হলেও ছাত্রদলের নতুন কমিটি এখনো আলোর মুখ দেখেনি।
সম্প্রতি ঢাকা মহানগর উত্তর বিএনপি, যুবদল এবং ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটি ভেঙে দেওয়া হয়েছে। রাড্ডাকাণ্ডের জের ধরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং শিগগিরই নতুন কমিটি গঠন করা হবে। নতুন নেতৃত্ব বাছাইয়ের ক্ষেত্রে বিএনপি’র হাইকমান্ড এবার অত্যন্ত সতর্ক। মূলত ক্লিন ইমেজের নেতৃত্ব আনার পরিকল্পনার কারণেই কমিটি গঠনে বিলম্ব হচ্ছে বলে জানা গেছে।
দলীয় সূত্র জানায়, ৫ই আগস্টের পর থেকে সারা দেশে বিএনপি এবং এর অঙ্গসংগঠনের একাধিক নেতাকর্মীর বিরুদ্ধে চাঁদাবাজি ও দখলের অভিযোগ উঠেছে। এসব অভিযোগে ইতিমধ্যে অনেকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন নতুন কমিটি গঠনের ক্ষেত্রে তরুণ, মেধাবী এবং সংগঠনের জন্য ইতিবাচক ভাবমূর্তি বজায় রাখা নেতাদের মূল্যায়ন করা হবে। পাশাপাশি রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকা নেতাদেরও গুরুত্ব দেওয়া হবে।
অন্যদিকে, চলতি বছরের ডিসেম্বরে বিএনপি’র সপ্তম জাতীয় কাউন্সিল হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে আগামী বছরের জানুয়ারিতে হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। যদিও এখনো কোনো তারিখ নির্ধারিত হয়নি। দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে শূন্য পদগুলো পূরণের সিদ্ধান্ত হলেও কাউন্সিল নিয়ে এখনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। তবে এবার কাউন্সিল থেকে নেতৃত্ব চাপিয়ে দেওয়ার প্রচলিত ধারা থেকে বেরিয়ে এসে তৃণমূলের মতামতের ভিত্তিতে নেতৃত্ব নির্বাচনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে দলটি। কাউন্সিল প্রসঙ্গে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জানান, জাতীয় কাউন্সিলের দিন-তারিখ এখনো ঠিক হয়নি, তবে খুব শিগগিরই তা অনুষ্ঠিত হবে।