চলমান ফিফা ২০২৬ বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে ঘিরে এখন কেবল ফুটবলপ্রেমীদের উত্তেজনা নয়, বরং রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনেও তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। আগামী রোববার যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনের মধ্যকার শিরোপা নির্ধারণী লড়াই অনুষ্ঠিত হবে। এই হাইভোল্টেজ ম্যাচে উপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, ফাইনাল ম্যাচটিতে ট্রাম্পের উপস্থিতি নিশ্চিত। টুর্নামেন্টের আগের কোনো ম্যাচে তাকে গ্যালারিতে দেখা না গেলেও ফাইনালের মঞ্চে তিনি উপস্থিত থাকবেন। ম্যাচ শেষে বিজয়ীর হাতে ট্রফি তুলে দেওয়ার সময় ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে তাকে দেখা যাবে।
একইভাবে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজও ফাইনাল ম্যাচটি সরাসরি উপভোগ করতে নিউ ইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে উপস্থিত থাকবেন। শুরুতে তার সফরসূচি নিয়ে কিছুটা অনিশ্চয়তা থাকলেও শেষ পর্যন্ত তিনি ম্যাচটিতে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া স্পেনের রাজপরিবারের সদস্যরাও ভিআইপি বক্সে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
তবে এই গুরুত্বপূর্ণ ম্যাচে থাকছেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। তিনি জানিয়েছেন, নিজের ‘সৌভাগ্যের রীতি’ বজায় রাখতে এবং দলের ধারাবাহিকতা রক্ষায় তিনি সরকারি বাসভবন থেকেই খেলা দেখবেন। দুই দলের শিরোপা লড়াইয়ের পাশাপাশি আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপস্থিতিতে এই ফাইনাল ম্যাচটি বাড়তি গুরুত্ব পেয়েছে। আর্জেন্টিনা যেখানে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বজয়ের লক্ষ্যে মাঠে নামবে, সেখানে স্পেন চাইবে তাদের দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি ঘরে তুলতে।