চলমান শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ঢাকার বাইরের পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বী পূজারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে মঙ্গলবার তিন বিভাগে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনব্যাপী এই সফরে তিনি রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম জেলার বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করবেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই সফরসূচির বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার সকালে ঢাকা থেকে রওনা হয়ে প্রধানমন্ত্রী প্রথমে রংপুরে যাবেন। সেখান থেকে রাজশাহী হয়ে সফরের শেষ ধাপে চট্টগ্রাম সফর করবেন তিনি। দেশের ইতিহাসে এবারই প্রথম কোনো সরকারপ্রধান ঢাকার বাইরে শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন বলে জানান তিনি। সফরকালে প্রধানমন্ত্রী বিভিন্ন মণ্ডপে উপস্থিত পূজারী ও ভক্তদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করবেন।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী, মঙ্গলবার সকাল ৯টায় ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে করে রংপুরের উদ্দেশে রওনা হবেন তারেক রহমান। তিনি বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে নামার পর সড়কপথে রংপুরের ধর্মসভা বা রাধা গোবিন্দ মন্দির পরিদর্শনে যাবেন।
রংপুরের কর্মসূচি শেষে তিনি বিমানে রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে পৌঁছাবেন। দুপুর দেড়টায় রাজশাহীর ধর্মসভা মন্দির পরিদর্শন করবেন তারেক রহমান। পরে রাজশাহী সার্কিট হাউসে কিছু সময় বিশ্রামের পর বিকেল ৩টায় নগরীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন তিনি।
রাজশাহীর জনসভা শেষে বিমানে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন প্রধানমন্ত্রী। সন্ধ্যায় নগরীর রহমতগঞ্জ এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করবেন তিনি। সেখানে পরিদর্শন পর্ব ও চট্টগ্রাম সার্কিট হাউসে সাময়িক বিশ্রাম শেষে রাতেই বিমানযোগে রাজধানী ঢাকায় ফিরবেন তারেক রহমান।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে রংপুরের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সফরসূচি অনুযায়ী সৈয়দপুর বিমানবন্দরে নামবেন তারেক রহমান। সেখান থেকে রংপুরের ধর্মসভা বা রাধা গোবিন্দ মন্দির পরিদর্শনে যাবেন তিনি।