আইএইচএফ নেশনস ট্রফি নারী হ্যান্ডবল টুর্নামেন্টে প্রতিনিধিত্ব করতে বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ভারত ও নেপাল দলের খেলোয়াড়রা। মঙ্গলবার রাতে এই দুই দেশের খেলোয়াড়রা ঢাকার বনানী পূজামণ্ডপ পরিদর্শন করেন। মণ্ডপে পৌঁছালে তাদের অভ্যর্থনা জানান বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক আশিষ রায় চৌধুরী।
পূজামণ্ডপ ঘুরে দেখার সময় ভারত ও নেপাল দলের খেলোয়াড়রা মণ্ডপের পরিবেশ দারুণভাবে উপভোগ করেন এবং বাঙালি সংস্কৃতির সঙ্গে মিশে যান। টুর্নামেন্টের প্রেক্ষাপটে ভারত শুরু থেকেই দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়ে দাপটের সঙ্গে ফাইনালে জায়গা করে নিয়েছে। শিরোপার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ স্বাগতিক বাংলাদেশ। অন্যদিকে, নেপাল ফাইনালে উঠতে ব্যর্থ হলেও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মালদ্বীপকে ২৭-১৫ গোলের বড় ব্যবধানে পরাজিত করে টুর্নামেন্ট শেষ করেছে।