অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে কাতার থেকে এক কার্গো অতিরিক্ত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এবং কানাডা ও রাশিয়া থেকে সাড়ে চার মাসের চাহিদা পূরণে দেড় লাখ মেট্রিক টন মিউরেট অব পটাশ (এমওপি) সার আমদানির প্রস্তাব অনুমোদন করা হয়েছে। ভার্চুয়ালি আয়োজিত এই বৈঠকে খাদ্য অধিদপ্তরের জন্য ১ কোটি পিস পাটের বস্তা কেনার প্রস্তাবও পাস হয়। সভা শেষে অর্থ মন্ত্রণালয় থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বিস্তারিত তথ্য নিশ্চিত করা হয়েছে।
অনুমোদিত প্রস্তাবনাগুলোর মধ্যে কৃষি মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) সারগুলো আমদানি ও দেশের বাজারে সরবরাহ নিশ্চিত করবে। কৃষি মন্ত্রণালয়ের চারটি অনুমোদিত প্রস্তাবেরই মূল লক্ষ্য এমওপি সার আমদানি করা। সার ক্রয়ের চুক্তিগুলো সম্পন্ন হবে মূলত কানাডা ও রাশিয়ার সঙ্গে নির্দিষ্ট চুক্তির আওতায়।
এর মধ্যে কানাডা থেকে সরকার-টু-সরকার (জিটুজি) পদ্ধতিতে দুটি লটের মাধ্যমে ৮০ হাজার টন এমওপি সার নিয়ে আসা হবে, যার আনুমানিক ব্যয় ধরা হয়েছে ৩৭৭ কোটি ৭৮ লাখ টাকা।
অপরদিকে রাশিয়া থেকে রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তির অধীনে নবম ও দশম লটে ৩৫ হাজার টন করে মোট ৭০ হাজার টন এমওপি সার আনা হবে। রাশিয়ার এই দুই লট সারের জন্য যথাক্রমে ১৬৫ কোটি ৪১ লাখ এবং ১৬৫ কোটি ৫৫ লাখ টাকা খরচ নির্ধারণ করা হয়েছে। দুই লটেই সুপারিশকৃত দরদাতা হিসেবে নির্বাচিত হয়েছে রাশিয়ার প্রতিষ্ঠান জেএসসি ‘ফরেন ইকোনমিক করপোরেশন (প্রোডিনটর্গ)’।