যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফলাফল আসতে শুরু করেছে। নির্বাচনের এই প্রাথমিক ধাপে ডেমোক্রেটরা রিপাবলিকানদের কাছ থেকে একটি গুরুত্বপূর্ণ সিনেট আসন ছিনিয়ে নিতে সক্ষম হয়েছে। একই সঙ্গে জর্জিয়া ও নিউ হ্যাম্পশায়ারেও ডেমোক্রেট প্রার্থীরা তাদের জয় ধরে রেখেছেন বলে গার্ডিয়ান জানিয়েছে।
নর্থ ক্যারোলাইনায় সাবেক গভর্নর রয় কুপার জয়লাভ করেছেন। এই জয়ের মাধ্যমে ২০০৮ সালের পর এই রাজ্যে প্রথম কোনো ডেমোক্রেট সিনেটর নির্বাচিত হলেন, যা সিনেটে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ। এছাড়া জর্জিয়ায় জন ওসফ এবং নিউ হ্যাম্পশায়ারে ক্রিস পাপাস জয়ী হয়েছেন। ফ্লোরিডার দিকে নজর দিলে দেখা যায়, সেখানে প্রগতিশীল প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে ইউএস সিনেট আসনে জয় পেয়েছেন অ্যাশলে মুডি। এছাড়া ডেমোক্রেট ক্যাথি কাস্টর ফ্লোরিডায় পুনর্গঠিত হাউস আসনটি ধরে রেখেছেন এবং জ্যারেড মস্কোউইটজও ফ্লোরিডা হাউস রেসে জয় পেয়েছেন, যদিও আসনটি রিপাবলিকানদের পক্ষে পুনর্গঠন করা হয়েছিল। ফ্লোরিডার হাউস আসনে ডেবি ওয়াসারম্যান শুল্টজও জয়ী হয়েছেন। এদিকে ভার্জিনিয়ায় মার্ক ওয়ার্নার পুনর্নির্বাচিত হয়েছেন।
ইতিমধ্যে ১৯টি অঙ্গরাজ্য এবং ওয়াশিংটন ডিসিতে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)-এর বুথফেরত জরিপ থেকে জানা যায়, ৩৯ শতাংশ ভোটার দেশের অর্থনীতি নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত এবং ৩২ শতাংশ ভোটার দেশের গণতন্ত্রের অবস্থা নিয়ে উদ্বিগ্ন। এরপর রয়েছে অভিবাসন (১৪ শতাংশ) এবং স্বাস্থ্যসেবা (৮ শতাংশ)। জরিপে আরও দেখা গেছে, প্রায় ৬০ শতাংশ ভোটার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের দায়িত্ব পালনের ধরনে অসন্তুষ্ট এবং ৭০ শতাংশ ভোটার মনে করেন কংগ্রেস প্রেসিডেন্টের ওপর যথেষ্ট নজরদারি করছে না।
নির্বাচনের খবর ফক্স নিউজে দেখার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে ডেমোক্রেট কৌশলবিদ জেসিকা টারলভের সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তাকে 'বোকা' বলে আখ্যা দিয়ে পোস্ট করেছেন তিনি। সব মিলিয়ে প্রথমদিকের এসব ফলাফল থেকে ডেমোক্রেটদের জয়ের একটি পূর্বাভাস পাওয়া যাচ্ছে, তবে নির্বাচনের চূড়ান্ত ফলাফলের জন্য এখনো অপেক্ষা করতে হবে।