রাজধানীর বারিধারা এলাকার প্রগতি সরণিতে বৈশাখী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে বারিধারার ‘জে’ ব্লক এলাকায় দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।
ঘটনার খবর পাওয়ার পরপরই বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল ইসলাম জানান, বাসটি ঘোরানোর সময় কয়েকজন ব্যক্তি সেখানে এসে আগুন লাগিয়ে দ্রুত পালিয়ে যায়।
ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর পর পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে বাসটি সরিয়ে নিয়েছে। এই ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ শুরু করেছে। তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য বাসটির চালক ও সহকারীকে থানায় নেওয়া হয়েছে।