সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হঠাৎ করেই বড় ধরনের প্রযুক্তিগত বিভ্রাট দেখা দিয়েছে। রোববার (১৯ জুলাই) দুপুর প্রায় ১টা ৪০ মিনিট থেকে ব্যবহারকারীরা এই সমস্যার কথা জানাতে শুরু করেন। বিভ্রাটের ফলে নিউজফিড লোড হওয়া, নতুন পোস্ট দেখা এবং প্ল্যাটফর্মটির বিভিন্ন ফিচার ব্যবহারে সমস্যার সম্মুখীন হচ্ছেন দেশের অসংখ্য ব্যবহারকারী। অনেকেই অভিযোগ করেছেন যে, ফেসবুক অ্যাপ চালু থাকলেও নিউজফিড রিফ্রেশ হচ্ছে না, যার ফলে স্বাভাবিকভাবে প্ল্যাটফর্মটি ব্যবহার করা সম্ভব হচ্ছে না।
তবে এই বিভ্রাটের প্রভাব মেসেঞ্জার বা ফেসবুকের অন্যান্য সেবায় পড়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা এখন পর্যন্ত এ ধরনের কারিগরি সমস্যার কারণ বা সেবা স্বাভাবিক হওয়ার সম্ভাব্য সময় সম্পর্কে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।
উল্লেখ্য, এর আগেও বিভিন্ন সময়ে মেটার মালিকানাধীন ফেসবুক, ইনস্টাগ্রাম ও মেসেঞ্জারে সাময়িক প্রযুক্তিগত ত্রুটি দেখা দিয়েছে। অতীতে এমন পরিস্থিতিতে কয়েক ঘণ্টার মধ্যেই সেবা স্বাভাবিক হয়ে এসেছিল। চলমান এই জটিলতাও দ্রুত সমাধান হবে বলে আশা করছেন ফেসবুক ব্যবহারকারীরা।