চাঁদপুরের শাহরাস্তি উপজেলার চিতোষী বাজারে এক মর্মান্তিক দুর্ঘটনায় হাফসা আক্তার (১০) নামে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। সে স্থানীয় ব্যবসায়ী মো. হামিদের বড় মেয়ে এবং চিতোষী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। তাদের বাড়ি চিতোষী পূর্ব ইউনিয়নের চাঁন্দল গ্রামের পদ্মারপাড় এলাকায়।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও অন্যান্য সূত্র থেকে জানা যায়, রোববার বিকেল ৩টার দিকে হাফসা চিতোষী বাজারে তার বাবার দোকানে বসে ছিল। একই সময়ে এক অটোরিকশাচালক তার গাড়ির চাবি অন অবস্থায় রেখে বাইরে চলে যান। এ সময় অটোরিকশায় থাকা এক যাত্রীর সঙ্গে আসা একটি শিশু খেলার ছলে গাড়ির পিকআপ চেপে ধরে। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে হামিদের দোকানের ভেতর ঢুকে পড়ে।
দোকানে ঢুকে পড়া অটোরিকশার নিচে চাপা পড়ে হাফসা গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত উন্নত চিকিৎসার জন্য কুমিল্লার দিকে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনার পরপরই অটোরিকশাচালক গাড়ি ফেলে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এই হৃদয়বিদারক ঘটনায় চিতোষী বাজার ও নিহতের গ্রামের এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।