ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন বিশিষ্ট সাংবাদিক মো. সাইদুর রহমান। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য তিনি এই দায়িত্ব পালন করবেন।
নিয়োগের শর্ত অনুযায়ী, মো. সাইদুর রহমানকে এই পদে যোগদানের আগে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে।
বর্তমানে মো. সাইদুর রহমান দৈনিক ইত্তেফাক পত্রিকার রাজনীতি ও নির্বাচনবিষয়ক সম্পাদক হিসেবে কর্মরত রয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। পেশাগত জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) ইত্তেফাক ইউনিট চিফ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)-এর সভাপতি হিসেবে নির্বাচন কমিশন বিটের সাংবাদিকদের নেতৃত্ব দিয়েছেন।
সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ২০২৫ সালে আরএফইডি বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড অর্জন করেন। এছাড়া দীর্ঘ কর্মজীবনে পেশাগত দক্ষতা ও অবদানের জন্য তিনি আরও বেশ কিছু সম্মাননা ও স্বীকৃতি লাভ করেছেন।