যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২০ জুলাই) এক শুভেচ্ছা বার্তার মাধ্যমে তিনি লেবার পার্টির নেতা হিসেবে নির্বাচিত হওয়া এবং গ্রেট ব্রিটেন ও উত্তর আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় বার্নহ্যামকে আন্তরিক শুভেচ্ছা জানান।
তারেক রহমান তার চিঠিতে উল্লেখ করেন, বাংলাদেশ সরকার, দেশের জনগণ এবং ব্যক্তিগতভাবে তিনি এই অভিনন্দন জানাচ্ছেন। তিনি বলেন, এই বিজয় যুক্তরাজ্যের সাধারণ মানুষ ও লেবার পার্টির পক্ষ থেকে বার্নহ্যামের নেতৃত্বের প্রতি আস্থার প্রতিফলন। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন যে, অ্যান্ডি বার্নহ্যামের নেতৃত্বে যুক্তরাজ্য শান্তি, সমৃদ্ধি, গণতান্ত্রিক শাসনব্যবস্থা ও টেকসই উন্নয়নের পথে আরও এগিয়ে যাবে এবং বৈশ্বিক নানা চ্যালেঞ্জ মোকাবিলায় দেশটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বাংলাদেশ ও যুক্তরাজ্যের দীর্ঘদিনের ঐতিহাসিক ও বহুমাত্রিক সম্পর্কের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধা ও কমনওয়েলথের নীতি এবং দুই দেশের জনগণের ঘনিষ্ঠ সম্পর্কের ওপর ভিত্তি করেই এই অংশীদারিত্ব গড়ে উঠেছে। বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা, জলবায়ু পরিবর্তন, শিক্ষা, নিরাপত্তা, অভিবাসন ও সাংস্কৃতিক বিনিময়ের মতো বিভিন্ন ক্ষেত্রে এই সম্পর্ক ধারাবাহিকভাবে বিস্তৃত হয়েছে।
তারেক রহমান বাংলাদেশ ও যুক্তরাজ্যের কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী করতে এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা বাড়াতে নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। এছাড়া তিনি অ্যান্ডি বার্নহ্যামকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। বার্তার শেষে তিনি নতুন প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, ব্যক্তিগত কল্যাণ এবং দায়িত্ব পালনে সাফল্যের পাশাপাশি যুক্তরাজ্যের জনগণের শান্তি ও অগ্রগতির জন্য শুভকামনা জানান।
উল্লেখ্য যে, সোমবার অ্যান্ডি বার্নহ্যাম আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের ৫৯তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।