যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপের শিরোপা জিতে দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। সোমবার দুপুরে মাদ্রিদে পৌঁছালে বিশ্ব চ্যাম্পিয়নদের বরণ করে নেওয়া হয়। বিমান থেকে বেরিয়ে আসার সময় রদ্রিকে বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরতে দেখা যায়, যার দুই পাশে ছিলেন স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে ও রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি রাফায়েল লুয়ান। তাদের পরপরই দলের অন্যান্য সদস্যরা বিমান থেকে বেরিয়ে আসেন।
এর আগে রোববার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ২০২২ সালের চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের স্বাদ পায় স্পেন। এর আগে ২০১০ সালে তারা প্রথমবারের মতো এই শিরোপা জিতেছিল। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি স্পেন এখন ইউরোপ চ্যাম্পিয়নও। ২০২৪ সালে কোচ লুইস দে লা ফুয়েন্তের অধীনে তারা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপাও জয় করে।
মাদ্রিদে পৌঁছানোর পর কোচিং স্টাফ ও ফুটবলাররা ট্রফি নিয়ে ছবি তোলেন। স্প্যানিশ ফুটবল ফেডারেশন তাদের জন্য বর্ণাঢ্য রাজকীয় সংবর্ধনার আয়োজন করেছে। সূচি অনুযায়ী, দলটি রাজপ্রাসাদে গিয়ে রাজা ষষ্ঠ ফেলিপের সঙ্গে সাক্ষাৎ করবে। এরপর ছাদখোলা বাসে করে তাদের সিবেলেস স্কয়ারে নিয়ে যাওয়ার কথা রয়েছে। এই উদযাপনে প্রায় ১০ লাখ মানুষ অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে।