সরকারের নির্দেশনা অনুযায়ী আগামী ১৬ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর লক্ষ্যে জোর প্রস্তুতি চালাচ্ছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। সোমবার রাজধানীতে সিভিল অ্যাভিয়েশন ও এয়ার ট্রাফিক অপারেশন বিষয়ক এক কর্মশালায় এ তথ্য জানিয়েছেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক। তিনি জানান, নির্ধারিত সময়ের মধ্যে টার্মিনালটি চালু করতে সব ধরনের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।
টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রম পরিচালনার বিষয়ে বেবিচক চেয়ারম্যান বলেন, জাপানের সঙ্গে এ সংক্রান্ত আলোচনা বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আশা করা হচ্ছে, আগামী আগস্টের শেষ দিকে অথবা সেপ্টেম্বরের শুরুর দিকে জাপানের সঙ্গে এ বিষয়ে চুক্তি সই হতে পারে।
বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করে তিনি বলেন, বিমানবন্দর এলাকায় কোনোভাবেই ড্রোন ওড়ানো যাবে না। নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে চলতি বছরের মধ্যেই অত্যাধুনিক অ্যান্টি-ড্রোন সিস্টেম কেনা হবে বলে তিনি জানান।
এছাড়া নতুন এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) ব্যবস্থা চালুর ফলে বাংলাদেশের সমুদ্রসীমা ব্যবহারকারী বিদেশি উড়োজাহাজ থেকে ফ্লাইট চার্জ বাবদ বার্ষিক রাজস্ব প্রায় ৮ শতাংশ পর্যন্ত বাড়বে বলেও তিনি উল্লেখ করেন। কর্মশালা শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের হাতে সনদ তুলে দেন বেবিচক চেয়ারম্যান।