হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির অনুমোদনক্রমে ২০২৭ সালের হজের জন্য সরকারি ব্যবস্থাপনায় দুটি আলাদা প্যাকেজ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এই প্যাকেজগুলোর বিস্তারিত তথ্য তুলে ধরেন। ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, ‘হজ প্যাকেজ-১’-এর খরচ ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা এবং ‘হজ প্যাকেজ-২ (সাশ্রয়ী)’-এর খরচ ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
প্রথম প্যাকেজের আওতায় হজযাত্রীরা মক্কায় হারাম শরীফের বহিঃচত্বর থেকে ১০০০ থেকে ১৪০০ মিটারের মধ্যে এবং মদিনায় মারকাজিয়া এলাকায় আবাসন সুবিধা পাবেন। এই প্যাকেজে মিনায় জোন-২ এ তাঁবুর ব্যবস্থা থাকবে এবং মিনা-আরাফায় ‘সার্ভিস প্যাকেজ-৩’ ক্যাটাগরির সেবাসহ মোয়াল্লেমের মাধ্যমে খাবার সরবরাহ করা হবে। সাধারণত সৌদি আরবে অবস্থানের সময়কাল ৩৫ থেকে ৪০ দিন হবে। তবে অতিরিক্ত অর্থ প্রদানের মাধ্যমে হজযাত্রীরা চাইলে রুম আপগ্রেডেশন ও শর্ট প্যাকেজের সুবিধা নিতে পারবেন।
অন্যদিকে, সাশ্রয়ী হিসেবে পরিচিত ‘হজ প্যাকেজ-২’ এর ক্ষেত্রে মক্কায় হোটেলগুলো হারাম শরীফের বহিঃচত্বর থেকে ২ থেকে ৩ কিলোমিটারের মধ্যে অবস্থিত হবে। মদিনায় এই প্যাকেজের যাত্রীরা মসজিদে নববী হতে ৮০০ মিটারের মধ্যে আবাসন সুবিধা পাবেন, তবে তা মারকাজিয়া এলাকার বাইরে হবে। মিনায় জোন-৫ এ তাঁবুর অবস্থান নির্ধারণ করা হয়েছে এবং এখানেও মিনা-আরাফায় ‘সার্ভিস প্যাকেজ-৩’ ক্যাটাগরির সেবাসহ খাবার সরবরাহ করা হবে। এছাড়া হোটেলের অবস্থান দুই কিলোমিটারের বেশি দূরে হলে সৌদি সরকারের নিয়ম অনুযায়ী সালাওয়াত বাসের ব্যবস্থা নিশ্চিত করা হবে।