দিদিয়ের দেশম দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর পর ফ্রান্স জাতীয় দলের নতুন প্রধান কোচ হিসেবে জিনেদিন জিদানকে চূড়ান্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ইতালিয়ান ফুটবল সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। ট্রান্সফার মার্কেটের এই বিখ্যাত সাংবাদিকের ভাষ্যমতে, গত বছরের নভেম্বর মাস থেকেই জিদান এবং ফ্রান্স ফুটবল ফেডারেশনের মধ্যে একটি মৌখিক সমঝোতা ছিল, যা অবশেষে আনুষ্ঠানিক রূপ পেল।
রোমানো আরও জানিয়েছেন যে, জিদান ফ্রান্সের কোচ হিসেবে ২০৩০ সালের জুন পর্যন্ত দীর্ঘমেয়াদি চুক্তিতে সই করেছেন। আগামী কয়েক দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে তাকে নতুন কোচ হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হবে এবং এরপরই তিনি জাতীয় দলের দায়িত্ব বুঝে নেবেন। রিয়াল মাদ্রিদের সাবেক এই সফল কোচ এবার আন্তর্জাতিক ফুটবলে তার কোচিং জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন।
খেলোয়াড় হিসেবে ১৯৯৮ সালের বিশ্বকাপ এবং ২০০০ সালের ইউরো চ্যাম্পিয়নশিপ জয়ে ফ্রান্সের হয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন জিদান। পরবর্তীতে কোচ হিসেবে রিয়াল মাদ্রিদের ইতিহাসে তিনি অনন্য উচ্চতায় পৌঁছেছেন। তার অধীনে রিয়াল মাদ্রিদ টানা তিনবার উয়েফা চ্যাম্পিয়নস লিগ জয়ের বিরল কীর্তি গড়েছিল। রিয়াল মাদ্রিদ ছাড়ার পর কয়েক বছর বিরতি নিলেও ফ্রান্সের কোচ হওয়ার গুঞ্জন দীর্ঘ দিন ধরেই শোনা যাচ্ছিল, যার অবসান ঘটল এই চুক্তির মাধ্যমে। যদিও ফ্রান্স ফুটবল ফেডারেশন থেকে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে জিদানের দায়িত্ব নেওয়ার বিষয়টি ফুটবল বিশ্বে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।