সামাজিক যোগাযোগ মাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রতিনিয়ত ভুল তথ্য, অপপ্রচার এবং ফেক ভিডিও ছড়িয়ে দেশের সাধারণ ও সম্মানিত মানুষকে হেয় করা হচ্ছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। সাইবার বুলিং রোধে একটি আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান।
মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে তথ্য অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন। উপদেষ্টা বলেন, ডিজিটাল প্ল্যাটফর্মের অপব্যবহার রোধ করে জনগণকে সুরক্ষা দেওয়া সরকারের দায়িত্ব। সরকার সেই অনুযায়ী কাজ করছে এবং সংশ্লিষ্ট আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করবে।
সংবাদ সম্মেলনে মন্ত্রিসভায় রদবদল সংক্রান্ত গুঞ্জন নিয়ে এক প্রশ্নের জবাবে ডা. জাহেদ উর রহমান বলেন, এ বিষয়ে তিনি মিডিয়াতে যা দেখছেন তার বাইরে বিশেষ কিছু জানেন না। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী একটি মন্ত্রিসভা ও উপদেষ্টা পরিষদ গঠন করেছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে যা বুঝেছেন, তা হলো—যদি কখনো মনে হয় কেউ প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারছেন না, তবে তিনি দপ্তর পুনর্বণ্টন বা নতুন কাউকে দায়িত্ব দেওয়ার মতো সিদ্ধান্ত নিতে পারেন। জনগণের কল্যাণই এখানে মূল লক্ষ্য। প্রধানমন্ত্রীর যেকোনো সিদ্ধান্ত বা চয়েস আরও উন্নত করার সুযোগ থাকলে তিনি সেটি করবেন। তবে এটি ঠিক কবে নাগাদ হবে বা ১৮০ দিনের পর হবে কি না, সে বিষয়ে তিনি নিশ্চিতভাবে কিছু বলতে পারেননি।