সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের দ্বিতীয় বিয়ের বিষয়টি নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ফুটেজ ঘিরে আলোচনার সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন এমপি, তার প্রথম স্ত্রী মাকসুদা ইসলাম এবং দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুন।
এমপির প্রথম স্ত্রী মাকসুদা ইসলাম মঙ্গলবার এক ভিডিও বার্তায় জানান, মরিয়ম খাতুনের সঙ্গে তার স্বামী নজরুল ইসলামের পারিবারিকভাবেই বিয়ে হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এ নিয়ে যারা কুৎসা রটাচ্ছেন এবং অপপ্রচার চালাচ্ছেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
একই বিষয়ে মরিয়ম খাতুন দাবি করেন, এমপি গাজী নজরুল ইসলাম তার স্বামী। সম্প্রতি প্রকাশিত ভিডিওটি একটি গভীর ষড়যন্ত্রের অংশ এবং তার স্বামীর সম্মানহানির উদ্দেশ্যেই এটি ছড়িয়ে দেওয়া হয়েছে। মরিয়মের বাবা পরিচয়দানকারী ব্যক্তিও জানান, গত ১৭ জুন পারিবারিকভাবেই বড় মেয়ে মরিয়মের সঙ্গে নজরুলের বিয়ে সম্পন্ন হয়, যেখানে উভয় পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
ফেসবুক পোস্টে বিস্তারিত বর্ণনা দিয়ে এমপি গাজী নজরুল ইসলাম জানান, গত ১৩ জুলাই তিনি তার প্রথম স্ত্রী মাকসুদা বেগম ও দ্বিতীয় স্ত্রী মরিয়ম বেগমকে নিয়ে মগবাজারে দ্বিতীয় স্ত্রীর বাবার ব্যবসায়িক অফিসে গিয়েছিলেন। সেখানে থাকা অবস্থায় তার ব্যক্তিগত গাড়িচালক ও দ্বিতীয় স্ত্রীর মামা ওবায়দুল্লাহর সহায়তায় ৫-৭ জন অপরিচিত ব্যক্তি তাদের জিম্মি করে ১ লক্ষ টাকা আদায় করে। পরবর্তীতে ওবায়দুল্লাহর সঙ্গে দ্বিতীয় স্ত্রীর বাবার পূর্বশত্রুতার জেরে ওই ব্যক্তিই তাদের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করে ছড়িয়ে দিয়েছে বলে এমপি উল্লেখ করেন।
এমপি আরও বলেন, ভিডিওটিকে বিবাহবহির্ভূত সম্পর্কের ঘটনা হিসেবে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা। তিনি জড়িতদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।