সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের সঙ্গে এক নারীর ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়ার বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের এ সংক্রান্ত একটি বিবৃতি প্রদান করেন।
বিবৃতিতে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, সাম্প্রতিক সময়ে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে যে খবরের প্রচার চলছে, তা জামায়াতে ইসলামীর নজরে এসেছে। তিনি উল্লেখ করেন যে, এই ঘটনা নিয়ে এরই মধ্যে এমপি গাজী নজরুল ইসলামের নিজের বিবৃতি, তার প্রথম ও দ্বিতীয় স্ত্রী এবং দ্বিতীয় স্ত্রীর পিতার ভিডিও বক্তব্য গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
এহসানুল মাহবুব জুবায়ের আরও বলেন, বিষয়টি নিয়ে দলটি বিস্তারিত খোঁজখবর নিচ্ছে। প্রকৃত ঘটনার তথ্য-উপাত্ত সংগ্রহের কাজ চলছে এবং এসব যাচাই-বাছাই শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের সাংগঠনিক নিয়ম অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।