সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামের সঙ্গে এক তরুণীর অন্তরঙ্গ ভিডিও ভাইরাল হওয়ার ঘটনাটি বেশ আলোচনার জন্ম দিয়েছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর দলীয় মিডিয়া সেলের পক্ষ থেকে দাবি করা হয় যে, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ‘বেঙ্গল লেন্স’ ভিডিওটিকে আসল বলে শনাক্ত করেছে।
ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে ২০২৩ সালের ১ জুলাইয়ের তারিখ দেখা গেলেও এমপি গাজী নজরুল ইসলামের দাবি, চলতি বছরের ১৭ জুন পারিবারিকভাবে এবং প্রথম স্ত্রীর সম্মতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। এই বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করে একটি ভিডিও বার্তা দিয়েছেন সংসদ সদস্যের প্রথম স্ত্রী মাকসুদা ইসলাম। ২৯ সেকেন্ডের ওই ভিডিও বার্তায় তিনি বলেন, আমার স্বামীর সঙ্গে মরিয়মের বিয়ে হয়েছে। যারা এটি নিয়ে কুৎসা রটাচ্ছে, আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত না থাকলে তিনি আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবেন।
এদিকে, বিষয়টি নিয়ে সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি ও মিডিয়া বিভাগের প্রধান মাওলানা আজিজুর রহমান জানান, ভিডিওটি তাদের নজরে এসেছে। তিনি নিশ্চিত করেছেন যে, ভিডিওতে যাকে দেখা যাচ্ছে তিনি এমপির দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রীর সম্মতিতেই এই বিয়ে অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় স্ত্রীর বাড়ি সাতক্ষীরার শ্যামনগরে হলেও তার পরিবার বর্তমানে ঢাকায় বসবাস করে।