ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের সামনে বিক্ষোভ করার সময় কংগ্রেস নেতা ও লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীকে আটক করেছে দিল্লি পুলিশ। দলীয় সূত্র অনুযায়ী, রাহুল গান্ধী মোদির বাসভবনের সামনে রাতভর অবস্থান কর্মসূচি পালন করতে চেয়েছিলেন। তবে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে পুলিশ পুরো এলাকা খালি করে দেয়।
রাস্তা অবরোধ করে অবস্থান নেয়ার সময় অন্তত ১০ জন পুলিশ সদস্য রাহুল গান্ধীকে ঘিরে ফেলেন। তিনি সেখান থেকে সরে যেতে অস্বীকৃতি জানালে পুলিশ তাকে জোরপূর্বক একটি বাসে তুলে নেয়। আটকের সময় রাহুল গান্ধীর নাকে রক্ত দেখা গেলেও তিনি কীভাবে রক্তাক্ত হলেন, সে বিষয়ে কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। বাসের ভেতরে থাকা অবস্থায় রাহুল সাংবাদিকদের বলেন, ভারতে এখন গণতন্ত্রের সংকট চলছে।
পুলিশের এই অভিযানে রাহুল গান্ধীর পাশাপাশি কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবসহ আরও বেশ কয়েকজন বিরোধী নেতাকে আটক করা হয়েছে। এর আগে সোমবার ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) সংসদ অভিমুখে বিক্ষোভ কর্মসূচি পালন করেছিল।
আটকের আগে সমর্থকদের উদ্দেশে রাহুল গান্ধী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে ধর্নায় যোগ দেয়ার আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের ওপর হামলা মানে প্রতিটি ভারতীয় পরিবারের ওপর হামলা। প্রধানমন্ত্রী মোদি মনে করছেন কোনো জবাবদিহি ছাড়াই তিনি পার পেয়ে যাবেন, কিন্তু এবার তা হবে না। শিক্ষার্থীদের ন্যায়বিচারের স্বার্থে তাদের কণ্ঠস্বর উপেক্ষা করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।