২০২৬ বিশ্বকাপ জয়ের পর দেশে ফিরে উৎসবের আমেজে মেতে উঠেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বচ্যাম্পিয়নদের এক নজর দেখার জন্য মাদ্রিদের রাস্তায় নেমে আসেন প্রায় ২০ লাখ সমর্থক। নগরজুড়ে বর্ণাঢ্য বিজয় মিছিল শেষে সিবেলেস স্কয়ারে খেলোয়াড়দের জন্য এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে আনন্দঘন সেই উৎসবের মঞ্চেই জন্ম নিয়েছে নতুন বিতর্ক।
অনুষ্ঠানে খেলোয়াড়দের একে একে মঞ্চে ডাকার সময় স্পেনের উইঙ্গার ইয়েরেমি পিনোকে পরিচয় করিয়ে দিতে গিয়ে উপস্থাপক ক্রিশ্চিয়ানো রোনালদোকে উদ্দেশ করে একটি কটাক্ষপূর্ণ মন্তব্য করেন। তিনি বলেন, ‘ওকে অনেকে ক্রিশ্চিয়ানো রোনালদো বলে ডাকতো। কিন্তু এই মানুষটি বিশ্বকাপ জিতেছে। কনফারেন্স লিগজয়ী, আমাদের বিশ্বচ্যাম্পিয়ন ইয়েরেমি পিনো!’
উপস্থাপকের এই মন্তব্য মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সমালোচকদের একটি বড় অংশ এটিকে রোনালদোর প্রতি অপ্রয়োজনীয় উসকানি ও অসম্মানজনক আচরণ হিসেবে দেখছেন। অন্যদিকে, সমর্থকদের একাংশ এটিকে বিশ্বকাপ জয়ের উন্মাদনায় করা একটি রসিকতা হিসেবেই দেখছেন।
উল্লেখ্য, ক্রিশ্চিয়ানো রোনালদো তার বর্ণাঢ্য ক্যারিয়ারে ইউরো, নেশনস লিগ, চ্যাম্পিয়ন্স লিগসহ অসংখ্য ব্যক্তিগত ট্রফি জিতলেও বিশ্বকাপ শিরোপা জয়ের স্বাদ পাননি। বিপরীতে, ২০২৬ সালে স্পেনের হয়ে বিশ্বকাপ জয়ের গৌরব অর্জন করেছেন ইয়েরেমি পিনো।