২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়ার পর প্রথমবারের মতো নিজের নীরবতা ভেঙেছেন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় চেলসির এই তারকা ফুটবলার জানিয়েছেন, ফুটবলের আসল সৌন্দর্য কেবল ট্রফি জয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং শেষ মুহূর্ত পর্যন্ত দলের জন্য নিজের সবকিছু উজাড় করে দেওয়ার মাঝেই তা নিহিত রয়েছে।
ফাইনালে দুই হলুদ কার্ডের কারণে মাঠ ছাড়তে হয়েছিল ২৫ বছর বয়সি এই মিডফিল্ডারকে। সেই ঘটনার কয়েক দিন পর ইনস্টাগ্রামে নিজের অনুভূতি প্রকাশ করে এনজো লেখেন, সময় যত পার হচ্ছে, ততই তিনি বুঝতে পারছেন যে একটি ম্যাচের ফলাফলের চেয়েও অনেক বড় কিছু রয়েছে।
আর্জেন্টিনা দলের লড়াকু মানসিকতার প্রশংসা করে তিনি বলেন, দীর্ঘ বছর ধরে এই দলটি তাদের দারুণভাবে প্রতিনিধিত্ব করে আসছে। এই দল থেকে শেখা যায় যে প্রতিযোগিতা মানে কেবল জয়লাভ করা নয়; বরং জার্সির মর্যাদার জন্য নিজের সর্বস্ব ঢেলে দেওয়া এবং কোনো পরিস্থিতিতেই হাল না করা। এমন একটি দলের অংশ হতে পেরে নিজেকে গর্বিত মনে করেন এনজো, যারা সবসময় নিজেদের সেরাটা দিয়েছে এবং অত্যন্ত বিনয়, গর্ব ও অঙ্গীকারের সাথে দেশের প্রতিনিধিত্ব করেছে।
সমর্থকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে এনজো ফার্নান্দেজ আরও লিখেছেন, প্রতিটি ম্যাচে পাশে থাকার জন্য এবং নিঃস্বার্থ ভালোবাসা ও সমর্থনের জন্য সব আর্জেন্টাইন ভক্তকে ধন্যবাদ। তাদের এই ভালোবাসার কারণেই বিশ্বের যেকোনো প্রান্তে খেলতে গিয়েও ঘরের মতো অনুভূতি পেয়েছেন তারা।
জাতীয় দলের হয়ে নিজের ভবিষ্যৎ অঙ্গীকার পুনর্ব্যক্ত করে এই মিডফিল্ডার বলেন, নিজের দেশের জার্সি গায়ে জড়ানো তার ক্যারিয়ারের সবচেয়ে বড় সম্মান। আর যখনই এই জার্সি রক্ষা করার সুযোগ আসবে, তিনি নিজের সর্বোচ্চটা দিয়ে লড়াই চালিয়ে যাবেন। ফাইনালে লাল কার্ড পাওয়ার হতাশা থাকলেও, আর্জেন্টিনার হয়ে খেলার গর্ব ও দায়িত্ববোধ যে তার মনে একটুও কমেনি, এনজোর এই বার্তায় সেটিই স্পষ্ট হয়ে উঠেছে।