অন্তর্বর্তী সরকারের আমলে আইন মন্ত্রণালয়ের নেওয়া লিগ্যাল এইড আইন সংস্কারের সুফল পেতে শুরু করেছে বাংলাদেশ। এই সংস্কারের ফলে আইনগত সহায়তার আওতায় মামলা দায়েরের সংখ্যা এক বছরে গড়ে ৬২ শতাংশ কমেছে। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল।
ড. আসিফ নজরুল তাঁর পোস্টে উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকারের সময় আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সংস্কার কার্যক্রম চালানো হয়েছিল, যার অন্যতম ছিল লিগ্যাল এইড আইনের সংস্কার। এই সংস্কারের আওতায় বিচারপূর্ব বিরোধ নিষ্পত্তির পরিধি যেমন ব্যাপকভাবে বাড়ানো হয়েছিল, তেমনই কিছু কিছু ক্ষেত্রে এটিকে বাধ্যতামূলক করা হয়। এই প্রক্রিয়াকে গতিশীল করতে আগের চেয়ে তিন গুণ বেশি বিচারক নিয়োগ দেওয়া হয়েছিল।
এই উদ্যোগকে একটি পাইলট প্রকল্প হিসেবে উল্লেখ করে আসিফ নজরুল জানান, এর সফলতার হাতেনাতে প্রমাণ পাওয়া যাচ্ছে। শুধু এই সংস্কারমূলক পদক্ষেপের কারণেই এক বছরে মামলা দায়েরের হার ৬২ শতাংশ হ্রাস পেয়েছে। প্রকল্পটির আরও সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় আইনি বিধানও তাঁরা করে রেখেছিলেন বলে তিনি জানান।
বর্তমান আইনমন্ত্রী আসাদুজ্জামানকে একজন দক্ষ আইনবিদ হিসেবে আখ্যায়িত করে সাবেক এই উপদেষ্টা আশা প্রকাশ করেন যে, তিনি এই সংস্কারের যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করবেন। এর মাধ্যমে দেশের দীর্ঘদিনের পুঞ্জীভূত মামলা-জট উল্লেখযোগ্য মাত্রায় হ্রাস পাবে বলেও দৃঢ় বিশ্বাস প্রকাশ করেন ড. আসিফ নজরুল।