শেরপুরের নকলায় একটি পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ২৯ জন ব্যক্তি আহত হয়েছেন। বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত পৌর শহরের বিভিন্ন এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় কুকুরটির হামলায় ছয়টি গবাদিপশুও আহত হয়েছে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, সকালের দিকে একটি কুকুর পৌর শহরের গ্রীনরোড, দড়িপাড়া এবং উত্তর কায়দাসহ বিভিন্ন এলাকায় অস্বাভাবিকভাবে দৌড়াদৌড়ি শুরু করে। কুকুরটি যাকে সামনে পেয়েছে তাকেই কামড়ে জখম করেছে। আহতদের মধ্যে ১৫ জন গ্রীনরোড ও দড়িপাড়া এলাকার এবং ১৪ জন উত্তর কায়দা গ্রামের বাসিন্দা।
আহতদের মধ্যে রয়েছেন বাজারদী এলাকার ফিরোজ আলীর ছেলে রিয়াজ আহম্মেদ (২০), আব্দুর রহমানের ছেলে রায়ান (৫), খলিলুল রহমানের মেয়ে মীম (৫), কায়দা এলাকার আব্দুর রহিমের মেয়ে ঝিনুক (৯), লুৎফর রহমানের ছেলে সজীব (১৩) এবং কুর্শা এলাকার মিরাজ উদ্দিনের ছেলে জিহাদ (৯)।
নকলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, কুকুরের কামড়ে আহত ২৯ জন রোগী হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিলেন। তাদের সবাইকে প্রয়োজনীয় ভ্যাকসিন ও প্রাথমিক চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।
এদিকে, দিনভর এলাকা জুড়ে আতঙ্ক ছড়ানোর পর বিকেলে স্থানীয়রা কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলেন বলে জানা গেছে।