জুলাইয়ের প্রতিটি শহীদ পরিবারকে ন্যূনতম ১ কোটি টাকা আর্থিক সহায়তা প্রদানসহ তিন দফা দাবি উত্থাপন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা মহানগর উত্তর এনসিপি আয়োজিত ‘জুলাই শহীদ দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত এক দোয়া অনুষ্ঠানে এসব দাবি জানানো হয়।
অনুষ্ঠানে দাবিগুলো তুলে ধরেন এনসিপি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব। তিনি জানান, প্রথমত প্রতিটি শহীদ পরিবারকে ন্যূনতম ১ কোটি টাকা প্রদানের মাধ্যমে তাদের আর্থিক সংস্থাপনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত, শহীদ পরিবার, আন্দোলনের আহত যোদ্ধা এবং এর সাথে জড়িত সংগঠকদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। তৃতীয়ত, সরকারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ আন্দোলনের হটস্পট এলাকাগুলোর চিকিৎসকদের কাছ থেকে প্রাপ্ত সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে ঘটনার বিস্তারিত ডকুমেন্টেশন তৈরির উদ্যোগ গ্রহণ করতে হবে।
ঢাকা মহানগর উত্তর এনসিপির সাংগঠনিক সম্পাদক নূর খানের সঞ্চালনায় এই দোয়া অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও আলী আহসান জুনায়েদ, যুগ্ম সদস্য সচিব এসএম সাইফ মোস্তাফিজ ও মাহিন সরকার এবং জাতীয় ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি প্রমুখ। অনুষ্ঠানটিতে মোনাজাত পরিচালনা করেন ন্যাশনাল ওলামা এলায়েন্সের সদস্য সচিব মাওলানা সানাউল্লাহ খান।