ফুটবলপ্রেমীদের নজর এখন নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের দিকে। বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে প্রথমবারের মতো মুখোমুখি হতে যাচ্ছে ইউরোপ চ্যাম্পিয়ন স্পেন এবং বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ও কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা। এই দুই মহাদেশের সেরা শক্তির লড়াই ঘিরে ফুটবল বিশ্বে তৈরি হয়েছে ব্যাপক উন্মাদনা।
ম্যাচের ফলাফল নিয়ে যখন বিশ্বজুড়ে চলছে নানা হিসাব-নিকাশ, তখন ডাটা বিশ্লেষণ প্রতিষ্ঠান ‘অপটা সুপার কম্পিউটার’ তাদের নিজস্ব পূর্বাভাস প্রকাশ করেছে। পরিসংখ্যানভিত্তিক এই বিশ্লেষণে নির্ধারিত ৯০ মিনিটের খেলায় জয়ের ক্ষেত্রে আর্জেন্টিনার চেয়ে কিছুটা এগিয়ে রয়েছে স্পেন। স্প্যানিশদের জয়ের সম্ভাবনা ৪৫.১ শতাংশ, যেখানে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ২৯.৪ শতাংশ। এছাড়া ম্যাচটি অতিরিক্ত সময় বা টাইব্রেকারে গড়ানোর সম্ভাবনা রয়েছে ২৫.৪ শতাংশ।
তবে সুপার কম্পিউটারের এই গাণিতিক হিসাব নিয়ে সমর্থকদের মধ্যে ভিন্নমত রয়েছে। এবারের আসরের আগের ম্যাচগুলোতে অনেক পূর্বাভাসই ভুল প্রমাণিত হয়েছে। সেমিফাইনালের ক্ষেত্রেও এমনটি ঘটেছে, তাই আর্জেন্টিনা সমর্থকরা মাঠের পারফরম্যান্সের ওপরই আস্থা রাখছেন। তাদের বিশ্বাস, খেলোয়াড়দের নৈপুণ্য যেকোনো পরিসংখ্যানকে ভুল প্রমাণ করতে পারে।
ঐতিহাসিক এই ফাইনালটি বেশ কিছু কারণে আকর্ষণীয় হয়ে উঠেছে। ইতালির পর তৃতীয় দল হিসেবে টানা দুইবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার হাতছানি আর্জেন্টিনার সামনে। অন্যদিকে, ২০১০ সালের পর দ্বিতীয়বারের মতো ট্রফি জয়ের লক্ষ্যে মাঠে নামবে স্পেন। লিওনেল মেসির সম্ভাব্য শেষ বিশ্বকাপের আবেগ এবং তরুণ স্প্যানিশ দলের দুর্দান্ত ধারাবাহিকতা এই ম্যাচকে আরও রোমাঞ্চকর করে তুলেছে। শেষ পর্যন্ত মেটলাইফ স্টেডিয়ামে কার হাতে উঠবে বিশ্বকাপ ট্রফি, এখন সেই অপেক্ষায় পুরো বিশ্ব।