জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম সারির শহীদ ও ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তার কবরে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এবং ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। বুধবার (১৬ জুলাই) সকালে কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের বাঘগুজারা এলাকায় শহীদ ওয়াসিমের কবরে যান তারা। সেখানে পুষ্পস্তবক অর্পণের পর মরহুমের আত্মার মাগফিরাত কামনায় ফাতেহা পাঠ ও বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
কবর জিয়ারত শেষে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে হওয়া সব গুম ও খুনের বিচার মাঠের একজন কর্মী হিসেবে আমি মনেপ্রাণে চাই। আওয়ামী লীগ সরকারের আমলে যত হত্যাকাণ্ড ঘটেছে, তার দ্রুত বিচার সম্পন্ন ও রায় বাস্তবায়নে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত বলে তিনি উল্লেখ করেন।
ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, ২০২৪ সালের ১৬ জুলাই ছয়জন ছাত্র-জনতা শহীদ হয়েছিলেন, যা জুলাই গণ-অভ্যুত্থানের একটি ঐতিহাসিক মাইলফলক। তিনি আরও বলেন, আবু সাঈদ ও ওয়াসিমরা আমাদের দেখিয়ে দিয়েছিলেন যে, এই আন্দোলন থেকে আর পেছনে ফেরার কোনো পথ নেই। বিগত ১৭ বছরের ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের চূড়ান্ত রূপ ছিল জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান। শহীদ ওয়াসিমসহ প্রায় দুই হাজার মানুষের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বৈরাচারমুক্ত বাংলাদেশ পেয়েছি। আজকের দিনে আমাদের মূল অঙ্গীকার হওয়া উচিত খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা। প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা গেলেই শহীদদের আত্মা শান্তি পাবে।
শ্রদ্ধা নিবেদনের সময় অন্যদের মধ্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জিয়াউদ্দীন আহমেদ (এনডিসি), পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি), শহীদ ওয়াসিমের বাবা এবং কক্সবাজার জেলা ও উপজেলা ছাত্রদলের শীর্ষনেতাসহ প্রশাসনের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, ২০২৪ সালের ১৬ জুলাই চট্টগ্রাম শহরের মুরাদপুর এলাকায় কোটা সংস্কার আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নির্মমভাবে নিহত হন চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ওয়াসিম আকরাম। তিনি পড়াশোনার পাশাপাশি পেকুয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য এবং চট্টগ্রাম কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছিলেন।