বিশ্বকাপ জয়ের স্মৃতি এতদিন কেবল সোনালি ট্রফি আর গলায় ঝোলানো পদকেই সীমাবদ্ধ ছিল। তবে এবার সেই অর্জনের স্মৃতি জায়গা করে নেবে খেলোয়াড়দের আঙুলেও। ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই প্রথমবার চ্যাম্পিয়ন দলকে দেওয়া হচ্ছে ‘চ্যাম্পিয়নশিপ রিং’। ফিফা জানিয়েছে, বিশ্বকাপের দীর্ঘ ইতিহাসে এমন বিশেষ সম্মাননা এবারই প্রথম চালু করা হলো। উত্তর আমেরিকায় আয়োজিত ফিফার এবারের আসরের মাধ্যমে ফুটবলে এই নতুন ঐতিহ্যের সূচনা হচ্ছে, যা যুক্তরাষ্ট্রের এনবিএ, এনএফএল কিংবা এমএলবির মতো জনপ্রিয় লিগগুলোতে দীর্ঘদিন ধরে চলে আসছে।
ফিফার তথ্য অনুযায়ী, বিশ্বকাপ আসরকে স্মরণীয় করে রাখতে মোট ২ হাজার ২৬টি রিং তৈরি করা হবে। এর মধ্যে মাত্র ৩০টি রিং সংরক্ষিত থাকবে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের জন্য। বাকি ১ হাজার ৯৯৬টি রিং অফিশিয়াল লাইসেন্সপ্রাপ্ত পণ্য হিসেবে বিশ্বজুড়ে সমর্থকদের জন্য বাজারে ছাড়া হবে। প্রতিটি রিংয়ের এক পাশে থাকবে বিশ্বকাপ ট্রফির নকশা এবং অন্য পাশে থাকবে চ্যাম্পিয়ন দলের পরিচয়, রং ও প্রতীক। বিজয়ী দলের জন্য তৈরি প্রতিটি রিংয়ে আলাদা সিরিয়াল নম্বর থাকবে এবং মালিকের আঙুলের মাপ অনুযায়ী তা তৈরি করা হবে। এর সঙ্গে একটি সত্যায়নপত্র বা সার্টিফিকেট অব অথেনটিসিটি দেওয়া হবে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী, ফাইনাল শেষে মঞ্চেই বিজয়ী দলের অধিনায়ক ও প্রধান কোচকে স্মারক হিসেবে অস্থায়ী রিং দেওয়া হবে। পরবর্তীতে খেলোয়াড় ও স্টাফদের সঠিক মাপ অনুযায়ী ৩০টি রিং তৈরি করে আনুষ্ঠানিকভাবে তাঁদের হাতে তুলে দেওয়া হবে। এবারের ফাইনালে আর্জেন্টিনা তাদের চতুর্থ শিরোপার জন্য লড়ছে, আর স্পেন নামছে তাদের দ্বিতীয় শিরোপার লক্ষ্যে। যে দলই জয়ী হোক না কেন, ট্রফি ও স্বর্ণপদকের পাশাপাশি তারাই হবে বিশ্বকাপ ইতিহাসের প্রথম দল, যাদের আঙুলে শোভা পাবে ফিফার এই নতুন চ্যাম্পিয়নশিপ রিং।