যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলার উত্তেজনার সরাসরি প্রভাব পড়েছে বিশ্ববাজারে। আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ১ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ৮৫ ডলার ছাড়িয়েছে। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দামও বেড়ে প্রায় ৮০ ডলারের কাছাকাছি পৌঁছেছে। আল জাজিরার ১৭ জুলাই শুক্রবারের এক প্রতিবেদন অনুযায়ী, এর ফলে তেলের বাজারে আগের দিনের দরপতনের ধারা পুরোপুরি কাটিয়ে ওঠার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
চলতি সপ্তাহে ব্রেন্ট ও ডব্লিউটিআই—উভয় ধরনের তেলের দামই প্রায় ১২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে ব্রেন্ট ক্রুড টানা তৃতীয় সপ্তাহের মতো এবং ডব্লিউটিআই টানা দ্বিতীয় সপ্তাহের মতো মূল্যবৃদ্ধির ধারায় রয়েছে। তেলের এই ঊর্ধ্বমুখী দামের প্রভাব পড়েছে এশিয়ার শেয়ারবাজারেও। শুক্রবার সকালে জাপানের প্রধান শেয়ারসূচক নিক্কেই ২২৫-এর লেনদেন ৩ শতাংশের বেশি কমে শুরু হয়।
এদিকে, ইরানের হরমোজগান প্রদেশের বান্দার-ই খামির সেতুতে যুক্তরাষ্ট্রের সর্বশেষ হামলায় সাতজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ইরানভিত্তিক রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, এই হামলায় আরও নয়জন আহত হয়েছেন। আহতদের জরুরি চিকিৎসা দেওয়া হচ্ছে এবং ওই এলাকায় উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। তবে যুক্তরাষ্ট্র এই হামলায় বেসামরিক নাগরিক নিহত হওয়ার বিষয়টি স্বীকার করেনি। এছাড়া হামলার সুনির্দিষ্ট কারণ বা নিহতদের পরিচয় এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।