বিশ্বকাপের পর্দা নামার আগে আর মাত্র দুটি ম্যাচ বাকি রয়েছে। আগামী রোববার আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফাইনাল ম্যাচের আগে শনিবার তৃতীয় স্থান নির্ধারণী লড়াইয়ে মুখোমুখি হবে ফ্রান্স ও ইংল্যান্ড। তবে ইংল্যান্ডের কোচ থমাস টুখেলের কাছে এই ম্যাচটি খুব একটা গুরুত্বপূর্ণ নয়। আর্জেন্টিনার কাছে সেমিফাইনালে হারের পর তিনি জানিয়েছিলেন, খেলোয়াড়দের মূল লক্ষ্য ছিল ফাইনালে খেলা। টুখেল বলেন, আমাদের কোনো খেলোয়াড়ই এই ম্যাচ খেলতে আগ্রহী নয়, ফ্রান্সের খেলোয়াড়রাও একই মানসিকতায় আছে। সবাই ফাইনালের মঞ্চে উঠতে চেয়েছিল।
তবে প্রাইজমানি বাদেও এই ম্যাচটি গোল্ডেন বুট জয়ের লড়াইয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশ্বকাপের নিয়ম অনুযায়ী, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলগুলোও সর্বোচ্চ গোলদাতার পুরস্কারের হিসেবে যোগ করা হয়। বর্তমানে গোল্ডেন বুট জয়ের দৌড়ে থাকা চার ফুটবলার হলেন কিলিয়ান এমবাপ্পে, হ্যারি কেইন, জুড বেলিংহাম ও উসমান দেম্বেলে। আট গোল করে ফ্রান্সের এমবাপ্পে বর্তমানে আর্জেন্টিনার লিওনেল মেসির সঙ্গে যৌথভাবে শীর্ষে রয়েছেন, তবে অ্যাসিস্টের সংখ্যায় মেসি কিছুটা এগিয়ে আছেন। নরওয়ের আর্লিং হালান্ড সাত গোল করে তৃতীয় স্থানে থাকলেও তার দল বিদায় নেওয়ায় গোল্ডেন বুট জয়ের সম্ভাবনা শেষ হয়ে গেছে।
অন্যদিকে, ইংল্যান্ডের জুড বেলিংহাম ও হ্যারি কেইন ছয়টি করে গোল নিয়ে তালিকার পরবর্তী অবস্থানে আছেন। ফ্রান্সের উসমান দেম্বেলে এবং স্পেনের মিকেল ওয়ারসাবাল করেছেন পাঁচটি করে গোল। ফলে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে দলগুলো তাদের সেরা একাদশ নামাবে কি না, তার ওপর গোল্ডেন বুটের চূড়ান্ত ফলাফল অনেকটা নির্ভর করছে।
বিশ্বকাপের ইতিহাসে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ গোল্ডেন বুট জয়ের ক্ষেত্রে অতীতে বড় ভূমিকা রেখেছে। ২০১৮ সালে ইংল্যান্ড ও বেলজিয়ামের ম্যাচে গ্যারেথ সাউথগেট সেমিফাইনালের একাদশে পাঁচটি পরিবর্তন আনলেও হ্যারি কেইন খেলেছিলেন, যদিও তিনি গোল পাননি। এছাড়া ২০১০ সালে জার্মানির থমাস মুলার, ১৯৯৮ সালে ক্রোয়েশিয়ার ডেভর সুকার, ১৯৯০ সালে ইতালির সালভাতোরে শিলাচি এবং ১৯৩৮ সালে ব্রাজিলের লিওনিদাস তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে গোল করে গোল্ডেন বুট জয়ের পথে এগিয়ে গিয়েছিলেন। এছাড়া ১৯৭৪ সালে গ্রেগর লাতো, ১৯৬৬ সালে ইউসেবিও এবং ১৯৫৮ সালে জাস্ট ফন্টেইনও এই ম্যাচে গোল করেছিলেন। এবারও ফ্রান্স ও ইংল্যান্ডের ম্যাচে কার পারফরম্যান্স শেষ পর্যন্ত গোল্ডেন বুট নির্ধারণ করে, সেটাই এখন দেখার বিষয়।