নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার দীর্ঘদিনের প্রত্যাশিত আড়াইহাজার-পুরিন্দা সড়কের উন্নয়নকাজ শেষ হয়েছে। শনিবার সকালে প্রায় ২৬ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত এ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রকল্পটি ১১ দশমিক ৫ কিলোমিটার মূল সড়ক এবং ২ কিলোমিটার সংযোগ সড়ক নিয়ে গঠিত।
নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ সড়কটির উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, সড়কটির দুরবস্থার কারণে এলাকাবাসী দীর্ঘ সময় ধরে চরম ভোগান্তিতে ছিলেন। এটি চালু হওয়ার ফলে সাধারণ মানুষের যাতায়াত ব্যবস্থা সহজ হবে এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে।
স্থানীয়দের মতে, সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল। খানাখন্দ ও ভাঙাচোরা অংশের কারণে যাত্রী ও যানবাহন চালকরা প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হতেন, যা বর্ষা মৌসুমে আরও ভয়াবহ আকার ধারণ করত। দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে সড়কটির সংস্কার ও পুনর্নির্মাণ সম্পন্ন হওয়ায় যাতায়াতের সময় ও খরচ উভয়ই কমবে বলে আশা করা হচ্ছে। স্থানীয়দের প্রত্যাশা, কৃষিপণ্য পরিবহনসহ ব্যবসা-বাণিজ্য ও বিভিন্ন সেবামূলক কার্যক্রমে এই সড়ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. আহসানুজ্জামান, আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুর রহমান, মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান রাকিবুল ইসলাম রাকিব, উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পবিত্র মন্ডল উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরাও এতে অংশ নেন।
উদ্বোধন শেষে সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ সড়ক এলাকায় বৃক্ষরোপণ করেন। একই দিন তিনি উপজেলা পরিষদের পক্ষ থেকে ১৬৫টি মসজিদের জন্য অনুদান বিতরণ করেন।