বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে ঘিরে যখন চারদিকে উত্তেজনা তুঙ্গে, ঠিক সেই মুহূর্তে নতুন এক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে কানাডার দাবানল। কানাডা-মিনেসোটা সীমান্তের কাছে ছড়িয়ে পড়া শতাধিক দাবানলের ধোঁয়া উত্তর-পূর্ব যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে, যার ফলে বায়ুর মানের মারাত্মক অবনতি হয়েছে। এই পরিবেশগত পরিস্থিতির কারণে ফিফা এবং যুক্তরাষ্ট্র সরকার সতর্ক অবস্থানে রয়েছে।
সিবিএস স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফাইনাল ম্যাচ শুরুর আগে বায়ুর মান পর্যবেক্ষণে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো হোয়াইট হাউসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন। বর্তমানে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামেই নির্ধারিত সূচি অনুযায়ী ফাইনাল আয়োজনের পরিকল্পনা রয়েছে, তবে ম্যাচ শুরুর আগ পর্যন্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে বলে জানানো হয়েছে।
এই ধোঁয়ার প্রভাবে ইতোমধ্যেই ক্রীড়াঙ্গনে অস্থিরতা দেখা দিয়েছে। পরিবেশগত সমস্যার কারণে এমএলএসের শিকাগো ফায়ার ও ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের ম্যাচ স্থগিত করতে হয়েছে। হোয়াইট হাউসের বিশ্বকাপ টাস্কফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি জানিয়েছেন, তারা বিষয়টি নিয়ে আলোচনা করছেন এবং ন্যাশনাল ওয়েদার সার্ভিসের একজন কর্মকর্তা ফিফার সদর দপ্তরে কাজ করছেন। তিনি নিশ্চিত করেছেন যে, পরিস্থিতি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং এটি বিশ্বকাপ আয়োজকদের অন্যতম প্রধান উদ্বেগের বিষয়।
নিউইয়র্ক সিটি এফসির ডিফেন্ডার কেভিন ও’টুল জানিয়েছেন, অনুশীলনের সময় তিনি ধোঁয়ার প্রভাব অনুভব করেছেন, তবে এটি বড় ম্যাচ আয়োজনে বাধা হবে না বলে তার বিশ্বাস। তিনি বলেন, আজ সকালে অনুশীলনে গিয়ে দেখেছি বায়ুর মান অবশ্যই একটি বিষয় ছিল, তবে এটি আমাকে অনুশীলন থেকে বিরত রাখেনি। আপাতত সূচিতে কোনো পরিবর্তনের কথা ভাবছে না কর্তৃপক্ষ। তবে ম্যাচ শুরুর আগে পর্যন্ত স্বাস্থ্য ও আবহাওয়া বিশেষজ্ঞরা বায়ুর মান নিয়মিত মূল্যায়ন করবেন।