বিএনপি সরকারের নির্বাচনি ইশতেহারের ৩১ দফা এবং জুলাই সনদ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী। শনিবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। প্রধানমন্ত্রীর প্রেস উইং এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে প্রেস সচিব সালেহ শিবলী বলেন, বিগত সরকারের সময় উন্নয়নের প্রচুর গালগল্প শোনা গেলেও বাস্তবে বিভিন্ন খাতে অবনতি হয়েছে। বিশেষ করে ধর্মীয়, সামাজিক ও পারিবারিক মূল্যবোধের অবক্ষয় সবচেয়ে বেশি হয়েছে বলে তিনি মন্তব্য করেন। তার মতে, মানসিক ও পারিবারিক মূল্যবোধের উন্নয়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী কথার চেয়ে কাজের ওপর বেশি গুরুত্ব দিচ্ছেন এবং দেশের গুণগত পরিবর্তনে নিরলস কাজ করছেন। মতাদর্শ বা রাজনৈতিক দলের ভিন্নতা থাকলেও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। প্রেস সচিবের ভাষ্যমতে, মতের পার্থক্য ব্যালটের মাধ্যমে হতে পারে, তবে দেশ গড়ার ক্ষেত্রে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
প্রধানমন্ত্রীর কার্যক্রম সম্পর্কে সালেহ শিবলী জানান, প্রধানমন্ত্রী ব্যক্তিপূজার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে অগ্রাধিকার দিচ্ছেন। জনগণের সঙ্গে সম্পৃক্ততা বজায় রাখতে তিনি নিয়মিত রাজধানীর বাইরে বিভিন্ন জেলা সফর করছেন।
চলতি অর্থবছরের বাজেট প্রসঙ্গে প্রেস সচিব দাবি করেন, বাজেট পাসের পর কোনো পণ্যের দাম বাড়েনি এবং জনজীবনে অতিরিক্ত অস্থিরতাও তৈরি হয়নি। তিনি এটিকে একটি জীবনবান্ধব বাজেট হিসেবে অভিহিত করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রেস উইংয়ের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
শনিবার (১৮ জুলাই) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।