চলতি জুলাই মাসের প্রথম ১৮ দিনে দেশে মোট ১৭৯ কোটি ৭৭ লাখ ৮০ হাজার মার্কিন ডলার প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে। প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে দেশীয় মুদ্রায় এর পরিমাণ ২২ হাজার ১১২ কোটি ৬৯ লাখ ৪০ হাজার টাকা। বাংলাদেশ ব্যাংক রোববার (১৯ জুলাই) এক হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে।
প্রতিবেদন অনুযায়ী, জুলাইয়ের প্রথম ১৮ দিনে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১২৬ কোটি ১৬ লাখ ৫০ হাজার ডলার, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ২৮ কোটি ৭৮ লাখ ৬০ হাজার ডলার এবং বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ২৪ কোটি ৫২ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। এছাড়া বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩০ লাখ ৩০ হাজার ডলার।
দেশের ব্যাংকগুলোর মধ্যে প্রবাসী আয় সংগ্রহের শীর্ষে রয়েছে ইসলামী ব্যাংক। এই ১৮ দিনে ব্যাংকটির মাধ্যমে ২৬ কোটি ৬৫ লাখ ৮০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ২৪ কোটি ৫২ লাখ ৫০ হাজার ডলার। এছাড়া ব্র্যাক ব্যাংকের মাধ্যমে ১৮ কোটি ৪০ লাখ ডলার এবং অগ্রণী ব্যাংকের মাধ্যমে ১৪ কোটি ৬৯ লাখ ৪০ হাজার ডলার প্রবাসী আয় এসেছে।