বিশ্বকাপ ফাইনালকে ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে এখন তুঙ্গে উন্মাদনা। আর্জেন্টিনা ও স্পেন মহারণ মাঠে বসে দেখার জন্য সমর্থকদের মধ্যে তৈরি হয়েছে চরম টিকিট সংকট। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই ফাইনাল ম্যাচের কয়েক ঘণ্টা আগেও টিকিটের চাহিদা বিন্দুমাত্র কমেনি।
টিওয়াসি স্পোর্টসের তথ্য অনুযায়ী, স্টাবহাব ও টিকিটমাস্টারের মতো পুনর্বিক্রয় প্ল্যাটফর্মগুলোতে সর্বনিম্ন টিকিটের দামই শুরু হচ্ছে প্রায় ১০ হাজার মার্কিন ডলার থেকে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ১২ লাখ টাকা। চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে এই দাম আরও বাড়ছে। এদিকে ফিফার অফিসিয়াল ওয়েবসাইটে সাধারণ টিকিটের সুযোগ এরই মধ্যে শেষ হয়ে গেছে। বর্তমানে শুধু হসপিটালিটি বা ভিআইপি ক্যাটাগরির টিকিট অবশিষ্ট রয়েছে, যার দাম গিয়ে ঠেকেছে প্রায় ৬০ হাজার ডলারে বা প্রায় ৭৪ লাখ টাকায়।
টিকিট সংকটের এই চিত্র শুধু স্টেডিয়াম এলাকাতেই সীমাবদ্ধ নয়, নিউইয়র্কের টাইমস স্কয়ারেও দেখা গেছে একই দৃশ্য। সেখানে অনেক সমর্থককে হাতে ‘টিকিট চাই’ লেখা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। মাঠে বসে ম্যাচটি দেখার জন্য তারা যেকোনো অঙ্কের অর্থ খরচ করতে প্রস্তুত। অনেকে আবার শেষ মুহূর্তে তুলনামূলক কম দামে টিকিট পাওয়ার আশায় অপেক্ষায় রয়েছেন।
ফাইনালকে কেন্দ্র করে টাইমস স্কয়ারে আর্জেন্টিনা ও স্পেন—উভয় দলের সমর্থকরাই জড়ো হয়েছিলেন, তবে সংখ্যায় আলবিসেলেস্তে সমর্থকরা স্পষ্টতই এগিয়ে ছিলেন। লিওনেল মেসিদের সমর্থনে নিউইয়র্কের এই বিখ্যাত চত্বর যেন মুহূর্তেই বুয়েনস আয়ার্সে রূপ নিয়েছিল। এমনকি বিজ্ঞাপনের বিলবোর্ডে মজা করে একে ‘আর্জেন্টাইনস স্কয়ার’ নামেও দেখানো হয়। আর্জেন্টাইন সমর্থকদের এই দাপুটে উপস্থিতির মাঝেও বৃষ্টির বাধা উপেক্ষা করে স্পেনের ভক্তরাও নিজেদের মতো করে উৎসবে মেতেছিলেন।