শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মেজর (অব.) মোজাফফর হোসেনের বিচার সেনা আইনে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সোমবার (২০ জুলাই) রাজধানীর পিলখানায় বিজিবি সদরদপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, একই অপরাধে একজন ব্যক্তির দুই ভিন্ন আইনে বিচারের সুযোগ নেই। তাই মোজাফফর হোসেনকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে এবং জেনারেল কোর্ট মার্শালের মাধ্যমে তাঁর বিচার প্রক্রিয়া সম্পন্ন হবে।
তিনি আরও বলেন, জিয়াউর রহমান হত্যা মামলার অন্যান্য আসামিদের বিচারও সামরিক আদালতে জেনারেল কোর্ট মার্শালের মাধ্যমে সম্পন্ন হয়েছিল। মোজাফফর হোসেন দীর্ঘদিন পলাতক থাকায় এতদিন তাঁর বিচার করা সম্ভব হয়নি। সাম্প্রতিক গ্রেপ্তারের পর তাঁকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। কোনো সিভিল কোর্টের সংশ্লিষ্ট বিষয় থাকলে তা পরবর্তীতে আইন অনুযায়ী পর্যালোচনা করা হবে বলে তিনি উল্লেখ করেন। এছাড়া, পূর্বের রায়ে মোজাফফর হোসেনের বিষয়ে কোনো পর্যবেক্ষণ থাকলে জেনারেল কোর্ট মার্শাল তা বিবেচনায় নেবে।
সীমান্ত পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মিয়ানমার সীমান্তের অস্থিরতার প্রভাব মোকাবিলায় সরকার ১০৯ কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণের প্রস্তাব বিবেচনা করছে। তিনি বলেন, সীমান্ত নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। কথিত ‘পুশইন’ প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ কাউকে অবৈধভাবে প্রবেশ করতে দেয়নি। প্রকৃত বাংলাদেশি নাগরিক হলে ভারত সরকারকে কূটনৈতিক প্রক্রিয়ায় তালিকা দিতে হবে, যা যাচাই-বাছাইয়ের পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বিজিবি সদরদপ্তর পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রী বাহিনীটির সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি জানান, সীমান্ত নজরদারিতে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, জনবল বাড়ানো এবং আধুনিক সরঞ্জাম ও অস্ত্র সংগ্রহের সিদ্ধান্ত হয়েছে। এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ডগ স্কোয়াড ব্যবহারের বিধান থাকায় বিজিবির বিদ্যমান ডগ স্কোয়াডকে কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে। বিজিবির প্রশাসনিক অবকাঠামো উন্নয়ন, হাসপাতালের সক্ষমতা বৃদ্ধি এবং চিকিৎসক ও নার্স নিয়োগের বিষয়েও মন্ত্রণালয় থেকে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান। পাশাপাশি, সীমান্ত রক্ষার পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় বিজিবির অবদান ও পদক প্রদানের বিষয়ে সরকারি উদ্যোগের কথা তিনি তুলে ধরেন।