প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকারী (রাজনৈতিক) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। গত রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তার এই নতুন দায়িত্বের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সোমবার রাশেদ খাঁন নিজেই নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এই প্রজ্ঞাপনের কপি শেয়ার করে বিষয়টি জানিয়েছেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, মো. রাশেদ খাঁনকে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে। এই নিয়োগের শর্ত অনুযায়ী, তাকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি কোনো প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগ করতে হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা প্রধানমন্ত্রীর সন্তুষ্টি সাপেক্ষে—এই দুইয়ের মধ্যে যেটি আগে ঘটবে, সেই সময় পর্যন্ত তিনি এই পদে বহাল থাকবেন।