বিএনপি নেতা মো. রাশেদ খাঁনকে সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে গত রোববার (১৯ জুলাই) এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।
নিয়োগের শর্ত অনুযায়ী, রাশেদ খাঁনকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি কোনো প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসম্পর্ক ত্যাগ করতে হবে। এই নিয়োগের মেয়াদ প্রধানমন্ত্রীর সন্তুষ্টি বা প্রধানমন্ত্রীর মেয়াদকাল—এর মধ্যে যেটি আগে ঘটবে, সেই সময় পর্যন্ত কার্যকর থাকবে। তবে নিয়োগসংক্রান্ত অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।
পরদিন সোমবার (২০ জুলাই) রাশেদ খাঁন তার নিজস্ব ফেসবুক পেজে নিয়োগের এই প্রজ্ঞাপনটি প্রকাশ করেন। তিনি পোস্টে লিখেছেন, আলহামদুলিল্লাহ, প্রধানমন্ত্রী আমাকে তাঁর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ দিয়েছেন। একই সঙ্গে তিনি বাংলাদেশের জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিমূর্তি এবং বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেছেন। দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।