‘স্বপ্ন দেখো জীবন গড়ো’ স্লোগানকে সামনে রেখে শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় এবারও আয়োজিত হতে যাচ্ছে ‘শিখো-প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা ২০২৬’। এই আয়োজনের ভেন্যু সহযোগী হিসেবে যুক্ত হয়েছে কনকর্ড গ্রুপ। এ লক্ষ্যে সোমবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক এবং কনকর্ড গ্রুপের প্রধান বিপণন কর্মকর্তা অনুপ কুমার সরকার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় কনকর্ড গ্রুপের বিপণন বিভাগের জ্যেষ্ঠ উপমহাব্যবস্থাপক উজ্জল কুমার বসাক, প্রথম আলোর মহাব্যবস্থাপক ও হেড অব মার্কেটিং মো. আজওয়াজ খান এবং ইভেন্টস বিভাগের সহকারী ব্যবস্থাপক আল মামুনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী সারা দেশের শিক্ষার্থীদের নিয়ে ৬৪ জেলায় এই সংবর্ধনা কার্যক্রম খুব দ্রুতই শুরু হতে যাচ্ছে। সফলভাবে উত্তীর্ণ শিক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে নিবন্ধন করলেই সবার জন্য থাকছে বিশেষ উপহার। নিবন্ধনের বিস্তারিত তথ্যের জন্য প্রথম আলোর সংশ্লিষ্ট ওয়েবসাইট ভিজিট করার অনুরোধ জানানো হয়েছে।