বাংলাদেশের অর্থনীতিতে নতুন বিনিয়োগ আকৃষ্ট করা এবং ব্যবসার প্রসার ঘটানোর লক্ষ্যে ব্যবসায়ীবান্ধব পরিবেশ তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। বাণিজ্যমন্ত্রী ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, ব্যবসা পরিচালনার প্রক্রিয়া সহজ করার কাজ চলছে এবং আগামী দুই-তিন মাসের মধ্যেই এর দৃশ্যমান প্রতিফলন দেখা যাবে। মঙ্গলবার ইপিবির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ১৪৯তম পরিচালনা পর্ষদের সভায় তিনি এ কথা বলেন।
সভায় বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমান নেতৃত্বের অধীনে অর্থনীতির বিকাশ ও বিনিয়োগ বৃদ্ধিতে ইতিবাচক পরিবর্তন আসবে। তিনি উল্লেখ করেন, সরকার শুধু আশ্বাসের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং বিনিয়োগ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অনুকূল পরিবেশ তৈরিতে কাজ করছে। ব্যবসা শুরুর প্রক্রিয়াকে আরও গতিশীল করার মাধ্যমে বাংলাদেশকে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের কাছে একটি আকর্ষণীয় গন্তব্য হিসেবে গড়ে তোলা হবে।
রপ্তানি খাতের সম্ভাবনা নিয়ে মন্ত্রী বলেন, লেদার, এগ্রো প্রসেসিং এবং লাইট ইঞ্জিনিয়ারিংয়ের মতো অগ্রাধিকারমূলক খাতগুলোতে ডাবল ডিজিট প্রবৃদ্ধির মাধ্যমে বড় রপ্তানি খাতে পরিণত হওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে। এছাড়া নতুন উদ্যোক্তাদের বিদেশে বাজার অনুসন্ধান বা ক্রেতাদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে আর্থিক সক্ষমতা না থাকলে ইপিবি তাদের পৃষ্ঠপোষকতা ও সহায়তা প্রদান করবে বলেও তিনি জানান।
সভায় ২০২৬-২৭ অর্থবছরের আন্তর্জাতিক বাণিজ্য মেলা ক্যালেন্ডার অনুমোদন করা হয়েছে। এই ক্যালেন্ডার অনুযায়ী, ১২টি অগ্রাধিকার খাতকে গুরুত্ব দিয়ে ২৭টি দেশে মোট ৫০টি আন্তর্জাতিক মেলায় বাংলাদেশের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।