সরকারের মন্ত্রিসভায় রদবদল কিংবা নতুন কাউকে দায়িত্ব দেওয়ার সম্ভাবনা নিয়ে মুখ খুলেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে আয়োজিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি জানান, কোনো মন্ত্রী বা প্রতিমন্ত্রী প্রত্যাশিত কাজ করতে না পারলে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রয়োজনে তাদের দপ্তর পুনর্বণ্টন করতে পারেন অথবা নতুন কাউকে অন্তর্ভুক্ত করতে পারেন।
উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, প্রধানমন্ত্রী একটি মন্ত্রিসভা ও উপদেষ্টা পরিষদ গঠন করেছেন। তার সঙ্গে আলাপচারিতায় যা বুঝেছি, কোনো সদস্যের পারফরম্যান্স নিয়ে অসন্তুষ্টি থাকলে কিংবা আরও ভালো করার সুযোগ থাকলে তিনি অবশ্যই পরিবর্তন আনবেন। কারণ, দিনশেষে জনগণের কল্যাণই সরকারের মূল লক্ষ্য। তবে এই পরিবর্তন সরকারের ১৮০ দিন পূর্তির পরপরই হবে কি না, তা নিয়ে এখনো নিশ্চিত কোনো সময়সীমা নির্ধারণ করা হয়নি।
উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান মন্ত্রিসভা গঠিত হয়। প্রধানমন্ত্রীর বাইরে মন্ত্রিসভায় বর্তমানে ২৪ জন পূর্ণমন্ত্রী ও ২৩ জন প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করছেন। এছাড়া মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় কাজ করছেন আরও ১০ জন উপদেষ্টা। রুলস অব বিজনেস অনুযায়ী, মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্ব বণ্টনের চূড়ান্ত এখতিয়ার প্রধানমন্ত্রীর।
সংবাদ সম্মেলনে উপদেষ্টা আরও জানান, সাইবার বুলিং ও অপতথ্য রোধে আইনি বিষয়গুলো তদারকির জন্য একটি আইনজীবী প্যানেল গঠন করা হচ্ছে। চলতি সপ্তাহের মধ্যেই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারির সম্ভাবনা রয়েছে। এসময় তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমেদসহ অন্যরা উপস্থিত ছিলেন।