স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী দেওয়া এবং সংশ্লিষ্ট সব বিষয়ে জোটসঙ্গীদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২০ জুলাই) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধানমন্ত্রীর সঙ্গে জোটসঙ্গীদের বৈঠক ও নৈশভোজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, স্থানীয় সরকার নির্বাচন বিষয়ে যে আইন হয়েছে, তাতে দলীয়ভাবে নির্বাচন করার কোনো সুযোগ নেই। তাই এ বিষয়টি নিয়ে এখন আলোচনা না করলেও চলে, তবে প্রতিটি ক্ষেত্রে জোটসঙ্গীদের সঙ্গে আলোচনা করা হবে। এ সময় তিনি ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচার পতনের প্রসঙ্গ টেনে শহিদদের স্মরণ করেন এবং তাদের প্রতি শ্রদ্ধা জানান।
দীর্ঘ ১৫-১৬ বছর ধরে যুগপৎ আন্দোলনে যারা পাশে ছিলেন, তাদের সঙ্গে নিয়ে সরকার গঠনের শুরুটা বেশ আবেগঘন ছিল বলে উল্লেখ করেন মির্জা ফখরুল। তিনি জানান, প্রধানমন্ত্রী সব জোটসঙ্গীদের সঙ্গে আন্তরিকভাবে বৈঠক করেছেন এবং সরকার গঠনের শুরুতে সংসদীয় দলগুলোকে ঐক্যবদ্ধ করে নির্বাচনে জয়লাভের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।
বিএনপি মহাসচিব বলেন, বর্তমান সরকার একটি ধ্বংসস্তূপ থেকে কাজ শুরু করেছে। অর্থনীতি ধ্বংস, ব্যাংক লুটপাট ও সব ক্ষেত্রে নৈরাজ্যের যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তা কাটিয়ে উঠে প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনের জন্য প্রধানমন্ত্রী কাজ শুরু করেছেন। এছাড়া, ৩১ দফা কর্মসূচি ও জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের বিষয়েও প্রধানমন্ত্রী দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন বলে তিনি জানান।