যুক্তরাজ্যের নবনিযুক্ত প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার রাতে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বিষয়টি নিশ্চিত করে জানান যে, প্রধানমন্ত্রী তারেক রহমান এই অভিনন্দনবার্তা পাঠিয়েছেন। অ্যান্ডি বার্নহ্যাম আনুষ্ঠানিকভাবে গতকাল যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
অভিনন্দনবার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান লেবার পার্টির নেতা অ্যান্ডি বার্নহ্যামকে বাংলাদেশ সরকার, জনগণ এবং নিজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি বার্নহ্যামের নেতৃত্বে যুক্তরাজ্যের শান্তি, সমৃদ্ধি ও গণতান্ত্রিক অগ্রগতির কামনা করেন। তারেক রহমান উল্লেখ করেন, অ্যান্ডি বার্নহ্যামের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়াটা তাঁর নেতৃত্বের প্রতি দল ও যুক্তরাজ্যের জনগণের আস্থার প্রতিফলন।
তারেক রহমান আশা প্রকাশ করেন যে, নতুন প্রধানমন্ত্রীর নেতৃত্বে যুক্তরাজ্য বিশ্ব শান্তি প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন ও গণতান্ত্রিক সুশাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশ ও যুক্তরাজ্যের দীর্ঘদিনের ঐতিহাসিক সম্পর্কের কথা স্মরণ করে তিনি বলেন, গণতান্ত্রিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধা এবং কমনওয়েলথের নীতির ভিত্তিতে দুই দেশের এই অংশীদারত্ব গড়ে উঠেছে।
বাণিজ্য, বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, শিক্ষা, নিরাপত্তা ও অভিবাসনসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক ক্রমাগত সম্প্রসারিত হচ্ছে বলে বার্তায় উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা দুই দেশের বন্ধুত্বের সেতুবন্ধ হিসেবে কাজ করছেন এবং উভয় দেশের অর্থনীতি ও সংস্কৃতিতে বিশেষ অবদান রাখছেন।
সবশেষে, তারেক রহমান সুবিধাজনক সময়ে নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। একই সঙ্গে তিনি বার্নহ্যামের সুস্বাস্থ্য ও সফল দায়িত্বপালন কামনা করেন।