সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আলিমুল ইসলামের হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোর একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। দায়িত্বশীল পদে থেকে এমন আইনবিরুদ্ধ কাজ করায় নেটিজেনরা তার তীব্র সমালোচনা করছেন। অনেকেই ছবিটি শেয়ার করে মন্তব্য করেছেন যে, একজন দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে এমন আচরণ অগ্রহণযোগ্য।
ঘটনার সূত্রপাত হয় মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে, যখন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয়। ওই বিজ্ঞপ্তির সঙ্গে উপাচার্যের হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোর তিনটি ছবি সংযুক্ত করে দাবি করা হয় যে, তিনি নিরাপত্তাব্যবস্থাসহ চলমান উন্নয়নকাজ সরেজমিনে পরিদর্শন করেছেন। কিন্তু বিজ্ঞপ্তিটি পাঠানোর কিছুক্ষণের মধ্যেই ছবিগুলো ফেসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। সমালোচকদের মতে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজেই গণমাধ্যমে ছবিটি পাঠিয়ে প্রচলিত আইন না মানার বিষয়টিকে উৎসাহিত করেছে।
এ বিষয়ে উপাচার্য আলিমুল ইসলাম প্রথম আলোকে বলেন, তার এক সহকর্মী নতুন মোটরসাইকেল কিনেছেন। তিনি কেবল পরীক্ষামূলকভাবে ক্যাম্পাসের ভেতরের রাস্তায় ৩০ থেকে ৪০ ফুট পর্যন্ত মোটরসাইকেলটি চালিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, উপাচার্য আলিমুল ইসলাম ক্যাম্পাসে নিরাপত্তা কার্যক্রম সুচারুভাবে পরিচালনার জন্য সবার সহযোগিতা চেয়েছেন। পরিদর্শনকালে তিনি জানান, ক্যাম্পাসের প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং প্রবেশদ্বারে দায়িত্বরত নিরাপত্তা প্রহরীদের জন্য ওয়াকিটকির সুবিধা চালু করা হয়েছে। এছাড়া ক্যাম্পাসের সড়কে আধুনিক বৈদ্যুতিক বাতি স্থাপনের মাধ্যমে পর্যাপ্ত আলোকসজ্জার ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে।
এর আগে গত ২৭ মে সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রেজাই রাফিন সরকারের হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোর একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছিল। সে সময় তিনি দাবি করেছিলেন, ভিডিও করার উদ্দেশ্যে তিনি ১ মিনিটের কম সময় হেলমেট ছাড়া বাইক চালিয়েছিলেন।