নির্বাচনের আগে দেওয়া অঙ্গীকার ও প্রতিশ্রুতি থেকে বিএনপি সরে এসেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন। মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে নীলফামারীর জলঢাকা উপজেলা সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ উপলক্ষে আয়োজিত পথসভায় তিনি এই অভিযোগ করেন।
আখতার হোসেন বলেন, নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়ন ও রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি দিলেও সরকার গঠনের পাঁচ মাস পার হলেও বিএনপি তার একটিও বাস্তবায়ন করেনি। তিনি আরও উল্লেখ করেন, শেখ হাসিনার আমলের গুম, হত্যা ও ন্যায্য আন্দোলন দমনের ইতিহাসের পর দেশের মানুষ দুটি প্রত্যাশা নিয়ে এগিয়ে এসেছিল—স্বৈরাচার থেকে মুক্তি এবং ভবিষ্যতে যেন এমন শাসন আর ফিরে না আসে সে জন্য রাষ্ট্র সংস্কার। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কারের প্রশ্নে অনুষ্ঠিত গণভোটে জনগণ বিপুলভাবে সংস্কারের পক্ষে রায় দিলেও বর্তমান রাজনৈতিক দলগুলো সেই রায় মানছে না বলে তিনি দাবি করেন।
বিএনপির সাম্প্রতিক রাজনৈতিক ভূমিকার সমালোচনা করে এনসিপি সদস্যসচিব বলেন, সমমনা দলগুলোর সঙ্গে নৈশভোজ শেষে বিএনপি আবারও ৩১ দফার কথা বলছে, অথচ তারা নিজেদের অঙ্গীকার থেকেই পিছিয়ে গেছে। ৩১ দফায় সংবিধান সংস্কার ও নতুন কাঠামোর তত্ত্বাবধায়ক সরকারের কথা থাকলেও এখন বিএনপি আর সেগুলো চাইছে না। তিনি বলেন, জনগণ নতুন দল হিসেবে এনসিপির ওপর আস্থা রেখে সংসদে পাঠিয়েছে। সেই ধারাবাহিকতায় আসন্ন স্থানীয় সরকার নির্বাচনেও এনসিপি সমর্থিত প্রার্থীরা অংশ নেবেন। আমরা পুরোনো বাংলাদেশে ফিরে না গিয়ে নতুন বাংলাদেশ গড়তে চাই।
পথসভায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী উত্তরবঙ্গের দীর্ঘদিনের অবহেলা, শিল্পকারখানা ও স্বাস্থ্যসেবার ঘাটতির কথা তুলে ধরে জুলাই গণভোটের রায় বাস্তবায়নের জোর দাবি জানান। এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক আবু সাঈদ লিওনের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মুজাহিদসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। জলঢাকার কর্মসূচি শেষে রাতে নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আরেকটি পথসভায় অংশ নেন নেতারা।